নির্ঝরকে শুভেচ্ছা জানালেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা

স্থপতি, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও সুরকার এনামুল করিমকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর দেওয়া গানের একটি অ্যালবাম ২৭ ফেব্রুয়ারি কলকাতার আইসিসিআরে প্রকাশ করা হবে জেনে খুশি হলাম। দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান এক বিশেষ মাত্রা পাবে বলে আমার বিশ্বাস। এই উদ্যোগের সাফল্য কামনা করি ও এর সঙ্গে যুক্ত সকলকে আমার শুভেচ্ছা জানাই।’

এনামুল করিম নির্ঝর এখন আছেন কলকাতায়। আজ শনিবার দুপুরে সেখান থেকে তিনি বলেছেন, ‘একটু আগেই এই শুভেচ্ছা বার্তা পেয়েছি। দারুণ অনুভূতি হচ্ছে।’

এনামুল করিম নির্ঝর
এনামুল করিম নির্ঝর



আগেই জানানো হয়েছে, আজ সন্ধ্যায় আইসিসিআর মিলনায়তনে ‘এক নির্ঝরের গান’ অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠান আয়োজন করেছে গানশালা কলকাতা ও সারেগামা। মোড়ক খুলবেন অধ্যাপক আনিসুজ্জামান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, সুরকার ও সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, জয় সরকারসহ আরও অনেকে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে গানশালা কলকাতা ও সারেগামা। এই আয়োজনে গান গাইবেন ঢাকার শিল্পী সভ্যতা, লিমন ও মুন আর কলকাতার কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা আর সৌমদত্তা।