নির্বাচনী অস্ত্র
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর পদের জন্য এবার লড়াই করেছেন গ্লেন ইয়াংকিন ও টেরি ম্যাকালিফ। ধারণা করা হয়েছিল, এই ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন পপ তারকা টেলর সুইফটের ভক্তরা। আর তাঁদের ধরতে তাই দারুণ এক কৌশল হাতে নিয়েছিলেন ম্যাকালিফ। ইয়াংকিনকে টেলর সুইফটের প্রতিপক্ষ করে বেশ কিছু বিজ্ঞাপন প্রচার করেন ম্যাকালিফ। সুইফটিসদের খেপিয়ে তোলার মতো বেশ মসলাও সেখানে ছিল। কী ছিল সেই বিজ্ঞাপনে?
সেই বিজ্ঞাপনে বলা হয়, ‘তোমরা কি জানো, টেলর সুইফটের অ্যালবামের মাস্টার রেকর্ডগুলো কিনেছিলেন স্কুটার ব্রন। আর কারলাইল গ্রুপের কো-সিইও হিসেবে সেই কাজে তাঁকে সহায়তা করেছিলেন ইয়াংকিন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এই বিজ্ঞাপন। ম্যাকালিফ নিজেও টেলর সুইফট ও তাঁর ছবি কোলাজ করে টুইটারে বিজ্ঞাপনের লাইনগুলো দিয়ে ক্যাপশন লিখেছিলেন। কোলাজ ছবিতে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল, ‘উই স্ট্যান্ড উইথ টেলর’।
এই প্রচারণায় কাজও হয়েছিল, অন্য রাজ্য থেকেও চলে এসেছিলেন ভক্তরা। মলি নামের এক ভক্ত বলেন, ‘আমি মূলত টেক্সাস থেকে এসেছি। আমি আমার গত তিন বছরের কলেজজীবনে টেক্সাসে ভোট দিয়েছি। কিন্তু মাত্রই জানলাম, ইয়াংকিন ভার্জিনিয়া দখল করছে, এটা তো আমি বসে বসে দেখতে পারি না। তাই আমি আমার ভোটার নিবন্ধন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’
নির্বাচনে টেলর সুইফটের এই ভক্তরাই ট্রাম্প কার্ড হওয়ার কথা ছিল। কারণ, কারও ভোলার কথা নয়, ২০১৮ সালে টেলর সুইফটের ইনস্টাগ্রাম পোস্টের ২৪ ঘণ্টার মধ্যে ৬৫ হাজার ভক্ত ভোটার হিসেবে নিবন্ধন করেছিলেন। তার মানে, বেশ ভালো কৌশলই নিয়েছিলেন ম্যাকালিফ। তবে আফসোস, শেষ রক্ষা হয়নি। নির্বাচনে হেরেছেন ডেমোক্র্যাট প্রার্থী টেরি ম্যাকালিফ। ভার্জিনিয়ার গভর্নর হয়েছেন গ্লেন ইয়াংকিনই।