নির্বাচনী প্রচারণায় অ্যাডেলের গান

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য দিনরাত খাটছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। মিছিল, মিটিং, জনসংযোগ—কোনো কিছু বাদ নেই। নিজের পাল্লা ভারী করতে শেষ পর্যন্ত অ্যাডেলের দ্বারস্থ হলেন ট্রাম্প। অ্যাডেল নাকি ট্রাম্পের পছন্দের সংগীতশিল্পী। তাই নিজের র্যা লিতে প্রায়ই অ্যাডেলের ‘রোলিং ইন দ্য ডিপ’ গানটি বাজান ট্রাম্প। কিন্তু এখন সেই গান বাজানো নিয়েই আপত্তি জানালেন খোদ অ্যাডেল। নির্বাচনী প্রচারণায় অ্যাডেল তাঁর গান বাজানোর খবর পেয়ে এর বিরুদ্ধে মুখ খুললেন। বললেন, এসব গান অনুমতি ছাড়া বাজানো হচ্ছে।
সম্প্রতি গণমাধ্যমকে অ্যাডেলের লিখিত বিবৃতি পড়ে শোনান তাঁর এক মুখপাত্র। তাতে বলা হয়, কোনো নির্বাচনী প্রচারণায় নিজের গান বাজানোর অনুমতি দেননি অ্যাডেল। যেসব গান র্যা লি কিংবা জনসংযোগে বাজছে, তা অ্যাডেলের অনুমতি ছাড়াই বাজছে।

বিভিন্ন সময় বিতর্কিত উক্তি দিয়ে অনেকের বিরাগভাজন হওয়া ডোনাল্ড ট্রাম্পের দিকে সরাসরি আঙুল তোলেননি অ্যাডেল। কারণ, ট্রাম্পের মতো ভক্তকে কী করে কষ্ট দেবেন তিনি? ডোনাল্ড ট্রাম্প তো অ্যাডেলের গানের এমনই ভক্ত যে গত নভেম্বরে নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে বিরতি নিয়ে তিনি নিউইয়র্কে অ্যাডেলের কনসার্টে পর্যন্ত চলে যান। তাই আপাতত একটা হালকা হুঁশিয়ারি দিলেন অ্যাডেল, এর বেশি কিছু না। এএফপি।