নিলামে ১১ বছর বয়সে লেখা পেরির প্রেমপত্র

মার্কিন গায়িকা ও অভিনেত্রী কেটি পেরির বয়স তখন মাত্র ১১। ওই বয়সেই ক্রিস্টোফার নামের এক ছেলেকে প্রেমপত্র লিখতেন পেরি। এবার পেরির লেখা সেই প্রেমপত্রগুলো আগামী নভেম্বর মাসে নিলামে তোলার ব্যবস্থা করতে যাচ্ছে জুলিয়েনস অকশনস। ধারণা করা হচ্ছে, সেগুলোর দাম ৮০০ মার্কিন ডলার ছাপিয়ে যাবে।
প্রেমপত্রগুলো পেরি লিখেছিলেন ১৯৯৫ সালে। ১৯ বছর পর সেগুলো নিলামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান জুলিয়েনস অকশনস। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মিরর ডটকম।
একটি প্রেমপত্রে পেরি লিখেছিলেন, ‘প্রিয় ক্রিস্টোফার, বিশেষ একজনের কাছ থেকে আমি তোমার ঠিকানা পেয়েছি। বিশেষ ওই মানুষটি হলেন তোমার মা। আমি জানতাম না। একদিন তোমার মা একটি কোচে আমার মুখোমুখি বসেছিলেন। আমি তাঁকে বললাম, আপনাকে আমি অনেক পছন্দ করি। সত্যিই আমি জানতাম না তিনি তোমার মা। আমি খুবই বিব্রতবোধ করলাম যখন তোমার মা তোমাকে লেখার জন্য আমাকে অনুরোধ করলেন। আমি তাঁর কথামতো ঠিকই লিখে ফেললাম।’
আরকেটি চিঠিতে ক্রিস্টোফারকে উদ্দেশ করে পেরি লিখেছিলেন, ‘আমি তোমাকে অনেক পছন্দ করি। যত দ্রুত সম্ভব চিঠির জবাব দিয়ো। ভালোবাসাসহ কেটি হাডসন।’
পেরির শৈশবের সেই প্রেম কত দিন টিকেছিল সে বিষয়ে জানা না গেলেও, পরবর্তী সময়ে ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ভালোবেসে বিয়ে করেন পেরি। ২০১০ সালে হিন্দু রীতি অনুযায়ী ভারতের রাজস্থানে বিয়ের পর্ব সারেন রাসেল ও পেরি। কিন্তু তাঁদের ভালোবাসার সংসার খুব বেশিদিন টেকেনি। ১৪ মাসের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
বিচ্ছেদের পর পেরি বলেছিলেন, বিচ্ছেদের পর ভালোবাসার ওপর তাঁর ধারণা পাল্টে গেছে। সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি তাঁর কাছে অনেক বেশি কষ্টকর বলেও জানিয়েছিলেন পেরি।