নীল মাছির পর বাপ্পার শূন্যপুর

সোমবার সন্ধ্যায় তিনি হাজির হলেন নতুন গান নিয়ে। তার এ গানের শিরোনাম ‘শূন্যপুর’।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে আগে আরেকটি নতুন গানের খবর দিলেন গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। সোমবার সন্ধ্যায় তিনি হাজির হলেন নতুন গান নিয়ে। তার এ গানের শিরোনাম ‘শূন্যপুর’। ‘কথা রাখা না রাখার দোটানায় থেমে গেছে ঘড়ি’ গানটির এমন কথা লিখেছেন কবি হেনরি লুইস। কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলির সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।

বাপ্পা মজুমদার

সোমবার সন্ধ্যা ৭টায় ইউটিউবে গান প্রকাশের পর বাপ্পা মজুমদারের ভক্তরা গানটি নিয়ে ইতিবাচক মন্তব্য করতে থাকেন।

এ ছাড়া সম্প্রতি ‘নীল মাছি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। ‘নীল মাছি...ও নীল মাছি, বাতাসকে ফাঁকি দিয়ে কোথায় ওড়ো’ গানটির এমন কথা লিখেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার। গান দুটি প্রসঙ্গে বাপ্পা মজুমদারের ভাষ্য, ‘দুটি গানই এককথায় চমৎকার ও সাবলীল।

‘কথা রাখা না রাখার দোটানায় থেমে গেছে ঘড়ি’ গানটির এমন কথা লিখেছেন কবি হেনরি লুইস

কথা ও সুরে ভিন্নতা নিয়ে এসেছেন পলিন। বেশ কজন মেধাবী মানুষ মিলে গান দুটি তৈরি করেছেন। বেশ আনন্দ নিয়ে গেয়েছি। এ ধরনের গানের একটা আলাদা আবেদন আছে, যা রুচিশীল শ্রোতাদের কাছে টানতে সক্ষম হবে।’

জানা গেছে, ‘নীল মাছি’ গানের সংগীত চিত্রও তৈরি হবে। গানটি প্রসঙ্গে পলিন কাউসার বলেন, ‘একটি গান শুধুই লিরিক আর টিউনের কোনো মিক্সিং নয়। বরং এর চেয়ে বেশি কিছু। এ গান একই সঙ্গে প্রেম এবং অপ্রেমের মাঝে একটি সংযোগ তৈরি করেছে। বাপ্পাদার অনবদ্য গায়কি প্রতিটি শব্দকে জীবন্ত করেছে দারুণভাবে।’ রাজন সাহার সংগীতায়োজনে স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেল থেকে ‘নীল মাছি’ গানটি অবমুক্ত হতে যাচ্ছে।
সংগীত ঐক্য বাংলাদেশের সাংস্কৃতিক সচিব মনোনীত হয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার। গান করার পাশাপাশি তরুণ শিল্পীদের জন্য নিয়মিত গান সুরও করছেন তিনি।

বাপ্পা মজুমদার
সংগৃহীত