সুনামগঞ্জে মিম–ইমরান

গানের ভিডিওতে ইমরান ও নাদিয়া মিম
ছবি: সংগৃহীত

নীলাদ্রি লেক নামে পরিচিত সুনামগঞ্জের শহিদ সিরাজ লেক এলাকার ছোট ছোট পাহাড়ের ফাঁকে আঁকাবাঁকা পথ। সেখানে ঘুরছেন, গাইছেন ইমরান। কখনো সবুজ প্রকৃতির কোলে ভালোবাসার কথা জানাচ্ছেন মডেল ও অভিনেত্রী নাদিয়া মিমকে। দুজনের এ রসায়ন দেখা যাবে একটি গানের ভিডিওতে।

‘মনের ঘর’ শিরোনামে নতুন এক গানের ভিডিওর শুটিং করতে সম্প্রতি সুনামগঞ্জে গিয়েছিলেন দুজন। ইমরানের গানে তাঁর সঙ্গেই মডেল হয়েছেন মিম। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন সেখানে দুজন ব্যস্ত ছিলেন শুটিংয়ে। সুনামগঞ্জের নীলাদ্রি থেকে মঙ্গলবার দুপুরে মুঠোফোনে ইমরান বলেন, ‘গানের দুটি পার্ট আছে। একটি স্টোরি, অন্যটি রোমান্সের। রোমান্সের অংশটুকু করার জন্য আমরা এক দিনের জন্য এখানে এসেছি। গানের কথা, মিউজিকের আবহে এখানকার পাহাড়, প্রকৃতি, আঁকাবাঁকা পাহাড়ি পথ বেশ মানিয়েছে।’ গানের বাকি অংশের শুটিং আগেই করে ফেলেছিলেন ঢাকায়।

এর আগে ‘জানি পাব না’ শিরোনামে ইমরানের আরেকটি গানে মডেল হয়েছিলেন মিম। সিএমভি থেকে প্রকাশিত সেই গানটির ভিডিও এক বছরে দেখা হয় প্রায় দেড় কোটিবার। নতুন গানের ভিডিওতে মডেল হিসেবে মিমকে নেওয়া প্রসঙ্গে ইমরান বলেন, ‘এই গানে অভিনয় ও গ্ল্যামার—দুটোরই দরকার ছিল। মিম লাক্স তারকা। তার গ্ল্যামার আছে, সে একজন অভিনেত্রী। তাকে গানের স্টোরি অংশের পাশাপাশি গ্ল্যামার অংশেও রাখা হয়েছে। মিমের কাছ থেকে আমরা দুটি জিনিসই পেয়েছি।’

নাদিয়া মিম
ছবি: সংগৃহীত

মিম বলেন, ‘আগের গানের ভিউ দেখে মনে হয়েছে, ইমরানের আগের গানটিতে মডেল হিসেবে আমাকে শ্রোতা-দর্শক পছন্দ করেছেন। গান, লোকেশন মিলে ইমরানের সঙ্গে এই ভিডিওটিও সবার পছন্দ হবে।’

‘মনের ঘরে’ গানটি লিখেছেন রবিউল ইসলাম, সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। চলতি মাসের শেষের দিকে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।