নীলাদ্রির দেখা মিলবে আজ

অপেক্ষার পালা শেষ। ভারতের এই প্রজন্মের খ্যাতিমান সেতারশিল্পী নীলাদ্রি কুমারের সেতারবাদন শোনা যাবে আজই; রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের হল অব ফেমে, সন্ধ্যা সাড়ে ৭টায়।
নীলাদ্রি কুমারের ‘ভয়েজ অব স্ট্রিংস’ অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করছে ব্লুজ কমিউনিকেশনস। পরিবেশনায় ইবিএল ডাইনারস ক্লাব। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও পার্টনার এবিসি রেডিও।
ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম জানান, আজই দুপুরে ঢাকায় আসবেন নীলাদ্রি কুমার। এই অনুষ্ঠানে তিনি নিজের উদ্ভাবিত ইলেকট্রনিক সেতার ‘জিতার’ও বাজাচ্ছেন। নীলাদ্রির সঙ্গে তবলায় সঙ্গত করবেন বিজয় জয়ন্ত ঘাটে।
নীলাদ্রির সংগীতশিক্ষা বাবা পণ্ডিত কার্তিক কুমারের কাছে। পণ্ডিত রবিশঙ্করের শিষ্য ছিলেন কার্তিক কুমার। বাবার সঙ্গে খুব ছোটবেলা থেকেই মঞ্চে নিয়মিত সেতার পরিবেশনা করেছেন নীলাদ্রি। সেতারে শাস্ত্রীয় ও আধুনিক সংগীতের মেলবন্ধন ঘটিয়েছেন। ফ্লোটিং পয়েন্ট অ্যালবামে কাজ করেছেন জ্যাজ কিংবদন্তি জন ম্যাকলাফলিনের সঙ্গে। ওস্তাদ জাকির হোসেন ও মার্কিন পারকাশনিস্ট মাইকি হার্টের সঙ্গে বাজিয়েছেন গ্র্যামিজয়ী অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্ট-এ। বলিউডেও নিয়মিত কাজ করে যাচ্ছেন নীলাদ্রি কুমার।
অনুষ্ঠানটি চলবে রাত ১০টা পর্যন্ত। শ্রোতাদের জন্য প্রবেশদ্বার খুলবে সন্ধ্যা ৬টায়। ১০ বছরের নিচে শিশুদের অনুষ্ঠানে না আনতে অনুরোধ করেছে অনুষ্ঠান কর্তৃপক্ষ।