নৃত্যপটীয়সী সেই মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদুষী শুভা মুদগাল l ছবি: খালেদ সরকার
বিদুষী শুভা মুদগাল l ছবি: খালেদ সরকার

বাইরে সূর্য তখন যেন গেরুয়া বসনে আবৃত। ভেতরে আমরা বসে আছি বিদুষী শুভা মুদগালের সামনে। তাঁর পরনেও গেরুয়া রঙের শাড়ি। একদিকে তাঁর কথা শুনছি, অন্যদিকে মনের ভেতরে ধীরলয়ে গুঞ্জরণ তুলছে ‘পিয়া তেরা ক্যায়সা অভিমান’ বা ‘মাথুরা নগরপতি’—ঋতুপর্ণ ঘোষের রেইনকোট সিনেমার গানগুলো। বলিউড চলচ্চিত্রের জনপ্রিয় এই গানগুলো ভেসে উঠলেই তো স্মৃতিপটে জেগে ওঠে শুভার অমৃত কণ্ঠ। গতকাল রোববার বিকেলে ঢাকার একটি হোটেলে বসে আলাপে-সালাপে সেই শুভা মুদগালই
আমাদের নিয়ে গেলেন ভারতের উত্তর প্রদেশে—এলাহাবাদে। তাঁর সঙ্গে অন্তরঙ্গ আলাপনে জানা গেল, এলাহাবাদের একটি মেয়ের কথা, যিনি একসময় কত্থক নাচ করতেন।
হ্যাঁ, কত্থকের মাধ্যমেই শিল্পকলার বর্ণিল ভুবনে প্রথম পা পড়ল মেয়েটির। বাবা স্কাদ গুপ্ত ও মা জয়া গুপ্তা দুজনই এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষক, শিল্পকলার সমঝদার। মা-বাবার উৎসাহেই ঘুঙুর পায়ে পয়লা মঞ্চে ওঠা। তিনি তখন কলেজপড়ুয়া।
এবার একটি ধাঁধা—বলুন তো, একদা কত্থক নৃত্যপটীয়সী সেই মেয়েটির নাম কী?
শুভা মুদগাল। বলিউডের অনেক জনপ্রিয় গানের পাশাপাশি খেয়াল, ঠুমরি, দাদরা—উচ্চাঙ্গসংগীতের এই অঙ্গনেও যাঁর অনায়াস বিচরণ, সেই শুভার শুরুটা কিন্তু হয়েছিল নৃত্যছন্দের ঝংকারে।
নাচ থেকে গানের জগতে—কীভাবে এ রূপান্তর?
‘কত্থক শিখতে গিয়ে উচ্চাঙ্গের নানা ঘরানা—ঠুমরি, দাদরা—এই জগতের সঙ্গেও জানাশোনা হলো। একসময় নাচের চেয়ে সংগীতকেই মনে হলো বেশি আপন। শিখতে শুরু করলাম এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান পণ্ডিত রামশ্রেয়া ঝাঁয়ের কাছে। এরপর থেকে গান নিয়েই আমার বসবাস।’

উচ্চাঙ্গসংগীত ও জনপ্রিয় ঘরানার সংগীতকে কোন দৃষ্টিতে দেখেন শুভা?

‘দেখো, গান তো গানই—তুমি যে ঘরানায় স্বাচ্ছন্দ্য বোধ করো, আন্তরিকতার সঙ্গে সেটিই করো। আমার মনে হয়, সংগীতকে পেশা হিসেবে নেওয়া এখনো বেশ ঝুঁকিপূর্ণ। কারণ, সংগীত, সমাজ ও মানুষের প্রতি একজন শিল্পীর দায়িত্ববোধ সমান মাত্রায় থাকা চাই।’

এবারই প্রথম এসেছেন বাংলাদেশে। বললেন, ‘বাংলাদেশের সংগীত সম্পর্কে আমি তেমন কিছু জানি না, কিন্তু এটা জানি যে বাংলাদেশ গানের দেশ। অসংখ্য মানুষ এখানে রাত জেগে উচ্চাঙ্গসংগীত শোনে। সেই শ্রোতাদের সামনে এবার আমি সংগীত পরিবেশন করব, ভাবতেই অন্য রকম অনুভূতি হচ্ছে!’

পাঠক, উচ্চাঙ্গসংগীত উৎসবে সামনাসামনি বসে এতক্ষণে নিশ্চয় আপনি শুনেছেন শুভাকে। এখন জেনে নিন পদ্মভূষণপ্রাপ্ত এই মহীয়সী শিল্পীর বিনয়-বচন: কপালে লালরঙা ছোট্ট টিপ পরে ইংরেজি-হিন্দির মিশেলে শুভা বলে চলেছেন, ‘আমার শেখার শেষ হয়নি এখনো—সংগীত বহুত কঠিন হো।’