নৈশ ক্লাবে লাঞ্ছিত বিবার

বেশ বড় ধরনের গন্ডগোল থেকে বেঁচে গেলেন জাস্টিন বিবার। জার্মানের মিউনিখে হার্ট নামে এক নৈশ ক্লাবে ভিড়ের মধ্যে লাঞ্ছিত হয়েছেন তিনি। তাঁর মাথায় কাচের বোতল ভাঙতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু অল্পের জন্য রক্ষা পান এই পপ সংগীত তারকা। শেষ পর্যন্ত শুধু হাতাহাতি পর্যন্তই সীমাবদ্ধ ছিল সেই ঘটনা।
সম্প্রতি বন্ধু ও ব্যবসায় সহযোগী জন শাহিদিসহ আরও কয়েকজনকে নিয়ে মিউনিখের একটি নৈশ ক্লাবে যান জাস্টিন বিবার। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ক্লাবে ঢোকার পর থেকেই হামলাকারী বিবারের গতিবিধি লক্ষ করছিলেন। বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, কয়েকজন বন্ধু ও এক স্বর্ণকেশী জার্মান তরুণীকে নিয়ে ভিড় ঠেলে বিবার যখন বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তাঁকে ধাক্কা দেন ওই ব্যক্তি। এমনকি তাঁর গলাও চেপে ধরার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গেই সেই তরুণী ও বন্ধু জন সেখান থেকে বিবারকে বের করে নিয়ে যান। গতকাল পর্যন্ত এ ঘটনা নিয়ে বিবার কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। এমনকি নৈশ ক্লাব কর্তৃপক্ষও হামলাকারীর পরিচয়ের ব্যাপারে গণমাধ্যমকে কিছুই জানায়নি। টিএমজি।