নোবেল পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না ডিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যে পাওয়া পুরস্কার গ্রহণ করতে প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাচ্ছেন না। কারণ তাঁর ‘অন্য অঙ্গীকার’ রয়েছে। আজ বুধবার সুইডিশ অ্যাকাডেমি এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ‘সুইডিশ অ্যাকাডেমি বব ডিলানের কাছ থেকে একটি চিঠি পেয়েছে। সেখানে তিনি বলেছেন, ডিসেম্বরে তিনি সময় দিতে পারছেন না। তিনি ব্যক্তিগতভাবে পুরস্কারটি গ্রহণ করতে চান। তবে অন্য অঙ্গীকার থাকায় তাঁর পক্ষে সেটা অসম্ভব হয়ে পড়েছে। নোবেল পুরস্কার পাওয়ায় তিনি অবিশ্বাস্যরকমের সম্মান অনুভব করেছেন বলে চিঠিতে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।’

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, তারা ডিলানের সিদ্ধান্তকে সম্মান জানান।

প্রতিবছর ১০ ডিসেম্বর এই পুরস্কার প্রচলনকারী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নোবেল বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করা হয় সুইডেনের স্টকহোমে। অতীতে নানা কারণে অন্য আরও কয়েকজন এই পুরস্কার জয়ী ওই অনুষ্ঠান বর্জন করেন।