নোবেল বিজয় নিয়ে কিছুই বললেন না ডিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বব ডিলান
বব ডিলান

চারদিকে যখন বব ডিলানের নোবেল বিজয় নিয়ে তোলপাড়, তখন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে খুব ঠান্ডা মেজাজেই গান গেয়ে শ্রোতামন জয় করে যাচ্ছিলেন তিনি। সবার ধারণা ছিল, মঞ্চে অন্তত নিজের আনন্দের অনুভূতিটুকু বলবেন ডিলান। কিন্তু না। গার্ডিয়ান পত্রিকার ভাষায়, বব ডিলান নাকি ‘ঠান্ডা শসা’র মতো নির্বিকারচিত্তেই গান গেয়েছেন পুরো সন্ধ্যা। দর্শকদের সঙ্গে খুব একটা আলাপও করেননি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় লাস ভেগাসের দ্য চেলসি থিয়েটারে ছিল বব ডিলানের কনসার্ট। সাহিত্যে নোবেল বিজয়ের পর এটাই ছিল তাঁর প্রথম জনসমক্ষে আসা। কনসার্টস্থলে গণমাধ্যমের কেউ প্রবেশ করতে পারেনি। তবে কনসার্ট উপভোগ করা কয়েকজন জানিয়েছেন, বব ডিলান তাঁর নোবেল বিজয় নিয়ে কোনো রা করেননি। দর্শক-শ্রোতারা বুঁদ হয়ে শুনেছেন তাঁর গান। কয়েক ঘণ্টা একটানা গান গাওয়ার পর যখন শ্রোতারা আরও গানের অনুরোধ করেন সদ্য নোবেল বিজয়ী এই শিল্পীর কাছে, তখন তিনি কনসার্ট শেষ করেন ফ্র্যাঙ্ক সিনাত্রার ‘হোয়াই ট্রাই টু চেঞ্জ মি নাউ’ দিয়ে। কিন্তু শুরু থেকে শেষ অবধি, তিনি নোবেল নিয়ে বলেননি একটি কথাও। গার্ডিয়ান।