নোবেল স্বীকৃতি মুছে ফেললেন ডিলান

এখনো মুখ খোলেননি বব ডিলান। একটি বারের জন্যও কাউকে বলেননি নোবেল পুরস্কার প্রাপ্তিতে তাঁর অনুভূতির কথা। তবে গত ১৭ অক্টোবর তাঁর নিজের ওয়েবসাইটের একটি অংশে বব ডিলানের পরিচিতি হিসেবে ‘সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী’ কথাটি লেখা হয়। এরপরই চারদিকে ছড়িয়ে যায় যে, আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার জয়ের বিষয়টি গ্রহণ করেছেন কিংবদন্তি এই গায়ক ও গীতিকবি। কিন্তু কয়েক দিন না গড়াতেই ঘটল আরেক অবাক করা বিষয়। নোবেল পাওয়ার পর পরিচয়পর্বে যোগ করা নতুন অংশটি মুছে ফেললেন তিনি।

গত ১৩ অক্টোবর সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য গীতিকবি বব ডিলানকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তখন থেকেই এ ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর এই শিল্পীকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। বিশ্ব গণমাধ্যম বব ডিলানের মুখ থেকে একটু ভালো কিংবা মন্দ লাগার কথা শোনার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে থাকে। কিন্তু পুরস্কার জয়ের পরদিনই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে জনসমক্ষে এসে গান করলেও, নোবেল পুরস্কার জয় নিয়ে কোনো কথাই বলেননি তিনি। এমনকি নোবেল কর্তৃপক্ষ শিল্পীর সঙ্গে বারবার যোগাযোগে করেও ব্যর্থ হয়। তাই রহস্য আরও গভীর হতে থাকে। বব ডিলান কি তবে গ্রহণ করবেন না নোবেল পুরস্কার?—এমন প্রশ্নও উদয় হয় জনমনে। কিন্তু ১৭ অক্টোবর তাঁর ওয়েবসাইটে নোবেলজয়ের স্বীকৃতি যোগ করা হলে, সেই প্রশ্ন একটি যুক্তিযুক্ত জবাব খুঁজে যায়। তবে ওয়েবসাইট থেকে সম্প্রতি স্বীকৃতি উধাও হয়ে যাওয়ায় আবারও সেই পুরোনো প্রশ্নকে নতুন করে তুলে এনেছে আলোচনায়। সত্যিই কি ডিলান তবে গ্রহণ করবেন না নোবেল পুরস্কার? গার্ডিয়ান।
