ন্যান্সির কণ্ঠে কোনালের প্রশংসা

ইদানীং রাজনৈতিক বিষয়ে মন্তব্য করে আলোচিত-সমালোচিত হলেও জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী ন্যান্সির অবস্থান ভক্ত-শ্রোতাদের কাছে অটুট। অন্যদিকে, চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯ চ্যাম্পিয়ন এ প্রজন্মের গায়িকা কোনাল। কাজের ব্যস্ততার কারণে দুজনের দেখা-সাক্ষাৎ হয় না বললেই চলে। গত শুক্রবার এফডিসিতে বাংলাভিশনের গানের একটি অনুষ্ঠানে দেখা হয় তাঁদের দুজনের। অনুষ্ঠান শেষে কোনালের গায়কীর প্রশংসা করলেন ন্যান্সি।
কোনাল প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘কোনালের সঙ্গে এর আগে একবার দেখা হয়েছিল। ওর গান খুব বেশি শোনা হয়নি। তবে যতদূর শুনেছি, তাতে তাকে আধুনিক গানের একজন সম্ভাবনাময় শিল্পী মনে হয়েছে। বাংলাভিশনের ঈদের জন্য নির্মিত অনুষ্ঠানে কোনাল একটি ভাওয়াইয়া গান গেয়েছে। ‘‘ওকি ও বন্ধু কাজল ভোমরা রে’’ গানটি তার কণ্ঠে শুনে মুগ্ধ না হয়ে পারিনি। এ গানটি নিখুঁতভাবে গাওয়াটা খুব কষ্টসাধ্য বলেই আমার মনে হয়। কিন্তু পুরো গানটিই সে এত চমৎকারভাবে গেয়েছে যে, আমাকে তা অবাক করেছে এবং সত্যি সত্যিই অনেক ভালো লেগেছে। আমি কোনালকে সঙ্গে সঙ্গে তার গান ও গায়কী নিয়ে আমার ভালো লাগার মতামত জানিয়েছি। বিষয়টি যে আমি একবিন্দুও বাড়িয়ে বলছি না, দর্শকেরা তা অনুষ্ঠানটি দেখার পরই বুঝতে পারবেন।’
ন্যান্সি আরও বলেন, ‘এখনকার সময়ের বেশির ভাগ শিল্পী ও সংগীত পরিচালকদের গান একই ধরনের মনে হয়। আমার মতে, হাতেগোনা ব্যতিক্রম কয়েকজনের মধ্যে কোনাল একজন। তার গায়কীতে স্বকীয়তা রয়েছে। কিন্তু সেভাবে তার কণ্ঠকে ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হয় না। সুযোগ পেলে সে আরও অনেক ভালো করবে।’