ন্যান্সির 'দুষ্টু ছেলে'

ভালোবাসা অধরা ও রঙ অ্যালবামের পর এবার দুষ্টু ছেলে নামের নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ন্যান্সি। আপাতত তাঁর দুষ্টু ছেলে অ্যালবামের গান শুনতে হবে মুঠোফোনে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন, বাংলালিংক ও রবিতে প্রকাশিত হচ্ছে দুষ্টু ছেলে অ্যালবামের গান।
এ প্রসঙ্গে ন্যান্সি জানিয়েছেন, মোবাইল রেডিও মিউজিকায় দুষ্টু ছেলে অ্যালবামের গান শোনা যাবে। গ্রামীণফোন, বাংলালিংক ও রবি গ্রাহকেরা ৩৩৩৩ নম্বরে ডায়াল করলেই দুষ্টু অ্যালবামের গানগুলো শুনতে পারবেন। সম্প্রতি এ বিষয়ে ন্যান্সির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়।
আজ ২৫ জুলাই থেকে গানগুলো শোনা যাবে মুঠোফোনে। আর ঈদুল আজহা উপলক্ষে সিডি আকারে প্রকাশিত হবে দুষ্টু ছেলে। অ্যালবামে গান রয়েছে আটটি। ন্যান্সি বলেন, ‘আমার নতুন অ্যালবামে নতুন এক ন্যান্সিকে শ্রোতারা পাবেন। আগের অ্যালবামে শ্রোতারা যে ধরনের গান শুনেছেন, তা থেকে বলা যায় পুরোপুরি সরে এসেছি। শ্রোতারা গায়কিতে নতুনত্ব পাবেন। আর সংগীতায়োজনেও রয়েছে নতুনত্ব।’
মৌলিক গানের পাশাপাশি দুষ্টু ছেলে অ্যালবামের জন্য ন্যান্সি গেয়েছেন নজরুলসংগীত। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘নজরুলের গানেই আমার শিকড়। অনেক দিন ধরেই শ্রোতারা নজরুলসংগীত গাওয়ার অনুরোধ করছিলেন। তাঁদের জন্যই আমার এই প্রয়াস।’