ন্যান্সির 'আমি ছুঁয়ে দিলেই'

বছর শেষে ইউটিউবে প্রকাশিত হয়েছে জনপ্রিয় গায়িকা ন্যান্সির নতুন গানের ভিডিও। ‘আমি ছুঁয়ে দিলেই’ শিরোনামের এই গানটি কথা লিখেছেন আসিফ ইকবাল। নকিব খান ফিচারিং ন্যান্সির এই নতুন গানে মডেল হয়েছেন সুজানা জাফর।
গানটি নিয়ে নকিব খান বলেন ‘গানটির কথা অনেক সুন্দর। এ গানের একটা বিশেষ দিক হচ্ছে রোমেল আলীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিউজিশিয়ান পিয়ানো বাজিয়েছেন। আর এটার ভিডিওটা খুব ভালো লেগেছে।’
ন্যান্সি বলেন,‘নানা প্রতিকূলতা কাটিয়ে এ বছর আমি বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছি। এর মধ্যে আমার নিজের পছন্দের দুটি গানের একটি আমি ছুঁয়ে দিলেই। গানটির ভিডিও প্রকাশিত হওয়ার পর ইতিবাচক সাড়া পাচ্ছি।’
গানের গীতিকবি আসিফ ইকবাল বলেন ‘একটা মেয়ের একাকিত্বের গল্প গানটিতে তুলে ধরা হয়েছে। গানটির মিউজিক এবং গায়কি তথা পুরো ভিডিওটাও মানসম্পন্ন হয়েছে।’
মিউজিক ভিডিওর নির্মাতা তানিম রহমান। তিনি তাঁর অভিজ্ঞতায় বলেন, ‘বান্দরবানের অনন্য সুন্দর লোকেশনে কাজ করেছি আমরা। একেবারে পাহাড়ের চূড়ায় মেঘ আর কুয়াশার মধ্যে কাজ করেছি। গানের গল্প অনুযায়ী সুজানার অভিনয়ও ছিল দুর্দান্ত। সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর একটা কাজ হয়েছে।
গানের অভিনেত্রী সুজানা জাফর বলেন, ‘ন্যান্সি আমার প্রিয় শিল্পীদের একজন। তাঁর গান বরাবরই আমাকে মুগ্ধ করে। মনে মনে কিছুটা ইচ্ছেও ছিল তাঁর গানে মডেল হওয়ার। এই গানটিতে কাজ করার মাধ্যমে সে ইচ্ছার পূরণ হয়েছে।’
‘আমি ছুঁয়ে দিলেই’ গানের ভিডিও প্রচার হচ্ছে টেলিভিশন, ইউটিউব এবং গানচিল মিউজিকের নিজস্ব ওয়েব পোর্টালে।