ন্যান্সির 'যতনে'

দুই বছর ধরে অডিও মাধ্যমে একচেটিয়া গান গেয়েছেন ন্যান্সি। নিজের একক অ্যালবাম, অসংখ্য মিশ্র অ্যালবামসহ বেশ কয়েকটি দ্বৈত গান প্রকাশিত হয়েছে এই শিল্পীর। নতুন বছরের শুরুতে প্রকাশিত হতে যাচ্ছে তিন গানের অ্যালবাম। নাম রাখা হয়েছে ‘যতনে’।
বুধবার দুপুরে ন্যান্সির সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তিনি ময়মনসিংহে অবস্থা করছিলেন। জানালেন, আগামী ২০ জানুয়ারি ছোট ভাইয়ের বিয়ে, তাই গত কয়েকটা দিন বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। সামনের কয়েকটা দিন বিয়ের ব্যস্ততার মধ্যে কাটবে। অ্যালবাম প্রসঙ্গে বললেন, ‘গানগুলোতে বেশ কিছুদিন আগে কণ্ঠ দিয়েছিলাম। কথাগুলো চমৎকার। আমি আরও মনে করেছিলাম, গানগুলো প্রকাশিত হয়ে গেছে। যাক নতুন বছরে শ্রোতাদের তিনটা নতুন গান উপহার দিতে পারছি ভেবে ভালো লাগছে।’
ন্যান্সি বলেন, ‘আমার এখনকার যত ব্যস্ততা অ্যালবামের গান নিয়ে। ইদানীং চলচ্চিত্রে খুব একটা গান গাওয়া হচ্ছে না। আনুপাতিক হারে মঞ্চে গান গাওয়া হচ্ছে খুব কম। আর এসব কারণে গত দুই বছরে অডিও মাধ্যমে আমি অনেক গান গেয়েছি।’
‘যতনে’ অ্যালবামের গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মোহাম্মাদ মিলন। একটি গানে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। চলতি সপ্তাহ থেকে জিপি মিউজিক এবং রবি ইয়োন্ডার মিউজিকে গানগুলা শোনা যাবে। সংগীতার ইউটিউব প্ল্যাটফর্ম থেকেও গানগুলো শুনতে পারবেন শ্রোতারা।