নয় হাজার ফুট উঁচুতে তাহসান

এ ধরনের একটি ঘটনা ঘটবে, তার ধারণা ১০ নভেম্বর দিয়ে রেখেছিলেন তাহসান। অবশেষে তা ঘটেছে। ১৬ নভেম্বর দুপুরে ব্যাংককের পাতায়া থেকে ১৫ কিলোমিটার দূরের একটি জায়গায় স্কাই ডাইভিংয়ে অংশ নেন তাহসান। নয় হাজার ফুট ওপর থেকে স্কাই ডাইভিং করে নিচে নেমেছেন গায়ক তাহসান। এ ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা জীবনে প্রথমবার ঘটেছে বলে প্রথম আলোকে জানান তাহসান।
তাহসান জানান, মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান উইয়ের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। প্রতিষ্ঠানটির একটি প্রচারণার অংশ হিসেবে এ স্কাই ডাইভিংয়ে অংশ নিয়েছেন। তাঁর সঙ্গে অংশ নিয়েছেন প্রতিযোগিতায় বিজয়ী দম্পতি সেমন্ত ও লায়লা এবং উই মোবাইলের সুলাইমান সুখন।

স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলেন তাহসান বলেন, ‘শুরুর দিকে খুব একটা ভয় কাজ করেনি। কিন্তু প্লেনের দরজাটা যখন খুলে দিল, তখন অন্য রকম অভিজ্ঞতা। যখন প্লেনের বাইরে চলে এলাম, তখন তো মনে হচ্ছিল এই বুঝি শেষ। এই অভিজ্ঞতা আসলে বলে বোঝানো সত্যিই মুশকিল। যাঁরা এ ধরনের স্কাই ডাইভিংয়ে অংশ নিয়েছেন, শুধু তাঁরা বুঝতে পারবেন। আমার সঙ্গে সেখানে একজন অস্ট্রেলিয়ান নাগরিকের সাক্ষাৎ হয়েছিল, যিনি সাড়ে তিন শ বার নাকি এই স্কাই ডাইভিং করেছেন।’

স্কাই ডাইভিং শেষে তাহসান কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। তিনি বলেন, ‘এমন একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের সুযোগ করিয়ে দেওয়ার জন্য উই ফোন কর্তৃপক্ষকে ধন্যবাদ। প্রতিটি মুহূর্ত খুবই উপভোগ করেছি।’
তাহসান আরও যোগ করেন, ‘স্কাই ডাইভিং করতে সারা পৃথিবীর অসংখ্য মানুষ এখানে আসে। এই স্মৃতি আজীবন মনে থাকবে।’
