নয়ীম গহরের লেখা গানে মেয়ে অজন্তা

‘জন্ম আমার ধন্য হলো মাগো’ ও ‘নোঙর তোলো তোলো, সময় যে হলো হলো’—কালজয়ী এই দুটি গানের গীতিকবি নয়ীম গহর। গতকাল ৬ অক্টোবর ছিল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। গতকালই গুণী এই গীতিকবির মেয়ে অজন্তা গহরের সঙ্গে কথা হলো। অজন্তা জানালেন, বাবার লেখা একটি অপ্রকাশিত গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি। ‘সে-ই যে গেল ভাইটি আমার রাতের কুয়াশায়’ কথার এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শান।
অজন্তা গহরের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বাবার মুখে শুনেছিলাম, ১৯৬৯ সালের দিকে তিনি এই গানটি লিখেছিলেন। একুশে ফেব্রুয়ারির প্রেক্ষাপটে গানটি লেখা। খুব চমৎকার কথার এই গান স্বাধীনতার পর বাবার লেখা নতুন কোনো দেশাত্মবোধক গান হতে যাচ্ছে। নিজেকে এ জন্য খুব সৌভাগ্যবান মনে করছি। বাবা বেঁচে থাকলে গানটি গেয়েছি জেনে খুব খুশি হতেন।’ জানা গেল, দেশাত্মবোধক এই গান অজন্তা গহর তাঁর অ্যালবামে রাখবেন। সাতটি গান নিয়ে তৈরি এই অ্যালবামটি হবে তাঁর প্রথম একক অ্যালবাম। এই অ্যালবামটি আগামী বিজয় দিবসে মুক্তি দেওয়া হবে বলে জানান তিনি।
গত বছরের ৬ অক্টোবর বাংলাদেশের এই প্রখ্যাত গীতিকবি ৭৮ বছর বয়সে মারা যান। মেয়ে অজন্তা জানান, নয়ীম গহর স্মরণে আজ শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।