পছন্দ দাবাড়ু পুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা
লেডি গাগা

দাবা খেলতে ভালোবাসেন মার্কিন গায়িকা লেডি গাগা। সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তাই দাবাড়ু পুরুষই তাঁর প্রথম পছন্দ। দাবার বোর্ডে সঠিক চাল দিতে পারা পুরুষের সঙ্গেই প্রেম করতে চান তিনি। গাগা বলেছেন, ‘দাবা খেলতে আমার খুব ভালো লাগে। দারুণ মজার একটা খেলা।’


গত সপ্তাহে প্রকাশিত হয়েছে লেডি গাগার নতুন অ্যালবাম ‘জোয়ান’-এর মূল গানটি। সম্প্রতি অ্যালবামটির মোড়কের ছবিও প্রকাশ করেছেন এই পপ গায়িকা। অ্যালবামটির নাম তিনি রেখেছেন নিজের প্রয়াত ফুপুর নামে। ১৯৭৪ সালে মাত্র ১৯ বছর বয়সে মারা গিয়েছিলেন সেই ফুপু। গাগার বাবার থেকেও কম বয়সী ওই ফুপুর মৃত্যুর শোক আজও কাটিয়ে উঠতে পারেনি তাঁর পরিবার। তবে তাঁর মৃত্যু নতুন করে পুরো পরিবারকে একাত্ম করেছিল।

‘সান’ সংবাদপত্রের বরাত দিয়ে ফিমেল ফার্স্ট জানিয়েছে, এ বছরই প্রেমিক টেলর কিনির সঙ্গে বিচ্ছেদ হয়েছে গাগার। খুব কাছের যেসব মানুষের কাছ থেকে তিনি প্রতারিত হয়েছেন, নতুন গানগুলোতে সেসবের ছায়া পড়েছে। গাগা বলেছেন, অ্যালবামের গানগুলোতে ব্যক্তিগত জীবনের অনেক ঘটনারই ছায়া রয়েছে।
গাগার নতুন অ্যালবাম ‘জোয়ান’ অবমুক্ত হবে আগামী ২১ অক্টোবর। আইএএনএস।