পঞ্চমকে আশার শ্রদ্ধা

গানে গানে প্রয়াত সুরকার ও সংগীত পরিচালক রাহুল দেববর্মনকে (পঞ্চম) শ্রদ্ধা জানালেন তাঁর স্ত্রী আশা ভোঁসলে। অ্যালবামের নাম পঞ্চম তুমি কোথায়। ‘শোনো এই তো সময়’, ‘ফিরে এসো অনুরাধা’, ‘যেতে যেতে পথে হলো দেরি’, ‘ডেকে ডেকে কত কথা ছিল’, ‘মনে পড়ে রুবি রায়’, ‘আগে আমি যদি জানতাম’, ‘এলে না তুমি যে’ আর ‘শোন বলি তোমায়’ গানগুলো সুর করেছিলেন এবং তাতে কণ্ঠ দিয়েছিলেন পঞ্চম। এবার গাইলেন আশা ভোঁসলে। অ্যালবামের জন্য গানগুলো তিনিই নির্বাচন করেছেন। এবার সংগীতায়োজন করেছেন নিতিন শংকর। পূজা উপলক্ষে সারেগামা থেকে বেরিয়েছে অ্যালবামটি। এখন পাওয়া যাচ্ছে ঢাকার বড় মগবাজারে গ্র্যান্ড প্লাজা শপিং মলের ইউনিভার্সেল মিউজিকে।
১৯৫৮ সালে আশা ভোঁসলে প্রথম বাংলা গান রেকর্ড করেন এইচএমভিতে। এই প্রতিষ্ঠান থেকে আশার গান নিয়ে পূজার অ্যালবাম বের হয় পরের বছর। ওই অ্যালবামে মান্না দের সুর করা গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন মান্না দে ও আশা ভোঁসলে। শুরুতে এইচএমভি আর এখন সারেগামা ইন্ডিয়ায় আশা ভোঁসলের গাওয়া প্রায় পাঁচ হাজার গান রয়েছে। এর মধ্যে বাংলা গান রয়েছে তিন শতাধিক।