পঞ্চাশতম প্রাণের খেলায় আনন্দময়ী

এই তো সেদিন যেন শুরু হয়েছিল বাংলা গানের আসর ‘প্রাণের খেলা’। কতটা সময় গড়িয়ে পঞ্চাশতম আসরে পৌঁছাল সেটি। সে আসরে গান শোনালেন শিল্পী আনন্দময়ী মজুমদার ও বুলবুল চৌধুরী।
গতকাল মঙ্গলবার ছিল নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’-এর ৫০ তম আসর। সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনের এ আসরে আনন্দময়ী মজুমদার গেয়ে শোনান রবীন্দ্রনাথের ‘বসন্ত তার গান লিখে যায়’, ‘যদি তারে নাই চিনি গো’, ‘গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি’ গানগুলি। এ ছাড়া তিনি শোনান অতুল প্রসাদ সেনের ‘আমি বাঁধিনু তোমার তীরে’ গানটি।
শিল্পী বুলবুল ইসলাম শোনান রবীন্দ্রনাথের ‘অরূপ, তোমার বাণী’, ‘কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে’, ‘গানের ঝরনাতলায় তুমি’, ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’, ‘তোমায় গান শোনাব’, ‘আমি যে গান গাই’, ‘কাহার গলায় পরাবি গানের’, ‘মনে রবে কি না রবে আমারে’, ‘পান্থ তুমি, পান্থজনের সখা হে’, ‘পথে চলে যেতে যেতে’, ‘পথিক পরান, চল্, চল্ সে পথে’, ‘এ পথে আমি-যে গেছি বারবার’, ‘যেতে যেতে একলা পথ’, ‘পথের শেষ কোথায়, শেষ কোথায়’।
শিল্পীদের সঙ্গে তবলা বাজিয়েছেন এনামুল হক ওমর, কি-বোর্ড বিনোদ রায়, এসরাজ অসিত বিশ্বাস এবং মন্দিরা নাজমুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
