পটুয়াখালী এখন রবীন্দ্রময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর শেখ রাসেল শিশুপার্কে গতকাল  জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৫তম বার্ষিক অধিবেশনের উদ্বোধন করেন অতিথিরা l ছবি: শংকর দাস
পটুয়াখালীর শেখ রাসেল শিশুপার্কে গতকাল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৫তম বার্ষিক অধিবেশনের উদ্বোধন করেন অতিথিরা l ছবি: শংকর দাস

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সদরঘাটে পৌঁছে গিয়েছিলেন সন্জীদা খাতুন। লঞ্চের ডেকে বসে নদী দেখছিলেন। অতিথিরা, শিল্পীরা আসতে থাকলেন একটু পরপর। উৎসবের আমেজে সিক্ত তাঁরা। সাতটা বাজতেই শ তিনেক যাত্রী নিয়ে লঞ্চটি রওনা হলো পটুয়াখালীর দিকে, যেখানে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৫তম বার্ষিক অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে আছে।
তারাঘেরা আকাশ সামনে রেখে লঞ্চের ডেকেই চলল আড্ডা। মুস্তাফা মনোয়ার, আনিসুজ্জামান, তারেক আলী, সারওয়ার আলী, আবুল হাসনাতসহ আয়োজক ও অতিথিরা আলাপ জমিয়ে তুলতেই নবীন শিল্পীরা শুরু করলেন গান। তাতে কণ্ঠ মেলালেন সবাই। আর একদিকে চলতে লাগল শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চণ্ডালিকার মহড়া। অধিবেশন উদ্বোধনের আগেই লঞ্চে যেন জমে উঠল আনন্দ-গানের এক মিলনমেলা।
চাঁদপুরে কিছুক্ষণের বিরতিতে আরও কিছু শিল্পী উঠলেন আর লঞ্চে উঠল রাতের খাবার। মেন্যু সামান্যই—ডাল, আলুভর্তা আর ডিম। কিন্তু এই উৎসবের আমেজে তা যেন দিল অমৃতের স্বাদ। ঘাটে লঞ্চ ভিড়ল শুক্রবার সকাল সাড়ে সাতটায়। অতিথিদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত ছিল পটুয়াখালী। পাটাতনের ওপর বিভিন্ন বয়সী ছেলেমেয়ে দাঁড়িয়ে ছিল হাতে তিলের নাড়ু, অমৃতি, খইয়ের মোয়া নিয়ে।
ফুলের পাপড়ি ছিটিয়ে, রজনীগন্ধা হাতে ধরিয়ে দিয়ে ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ গানটি গাইতে লাগল বরণকারী দল। সবাই মিলে সার্কিট হাউসের পাশে তৈরি করা সাদায়-সবুজে মেশানো বিশাল বর্ণাঢ্য শামিয়ানার কাছে এসে হাজির হলো।

উদ্বোধনীতে ছিল পটুয়াখালীর তরুণ শিল্পীদের সমবেত পরিবেশনা l প্রথম আলো
উদ্বোধনীতে ছিল পটুয়াখালীর তরুণ শিল্পীদের সমবেত পরিবেশনা l প্রথম আলো

উদ্বোধনী অনুষ্ঠানের আগে সার্কিট হাউসে বসে স্মৃতিচারণা করে সন্জীদা খাতুন বললেন, ‘পটুয়াখালীতে এসেছিলাম ২৫ বছর আগে। এখন তো দেখি অনেক উন্নয়ন হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ও হয়েছে, যা আগে ভাবতেও পারিনি।’ বললেন, ‘এখানকার প্রতিভাবান মানুষদের দেখে মন ভরে উঠছে। সবাই ছবি তুলে রাখতে চাইছে। ভালো লাগছে।’
আনিসুজ্জামান সম্মেলনের উদ্বোধন করেই ফিরে যাবেন ঢাকায়। দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সে সময়ই বললেন, ‘রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের এই যে প্রয়াস, এর মাধ্যমে বাংলাদেশের সর্বত্র রবীন্দ্রসংগীত চর্চাকে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা বাড়ছে। আজকালকার ছেলেমেয়েরা বেশ গাইছে। প্রতিভাবান ছেলেমেয়েরা বেরিয়ে আসছে। তাই পশ্চিমা প্রভাবের কারণে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
পটুয়াখালীর সংগীতপ্রেমী মানুষ সারা শহরে সম্মেলনের শিরোনাম সংগীত ‘এই কথাটা ধরে রাখিস—মুক্তি তোরে পেতেই হবে’ গেয়ে শহরজুড়ে প্রচারণা চালিয়েছেন। মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে এই গানটিই পরিবেশন করে শিশু-কিশোর-তরুণেরা।
ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, ‘বাঙালি হয়ে ওঠার সাধনায় আমরা কাজ করে চলেছি। সমস্ত বিপদ উত্তীর্ণ হয়ে মুক্তি অর্জন করব, সেই প্রত্যয় নিয়ে আজ ৩৫তম রবীন্দ্রসংগীত সম্মিলনে আমরা একত্র হয়েছি। আসুন, সম্প্রীতির বার্তা পৌঁছে দিই সকল মানুষের কাছে।’
বিকেল পৌনে পাঁচটায় শেখ রাসেল শিশুপার্কে আনিসুজ্জামান প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করার সময় মঞ্চে গীত হচ্ছিল ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি। এরপর ছিল স্থানীয় শিল্পীদের গাওয়া দুটি সম্মেলক গান।
উদ্বোধক আনিসুজ্জামান বলেন, ‘রবীন্দ্রনাথ ৬৫ বছর ধরে গান লিখেছেন, সুর দিয়েছেন এবং ঘুরে বেরিয়েছেন দেশ-দেশান্তরে-গানের সূত্রে। পাশ্চাত্য সংগীত, লোকসংগীত, বাংলার কীর্তন, বাউল—কোনো কিছুতেই বাধা ছিল না। তাঁর সাহিত্য ও গান কখনো আলাদা করা যায় না। বিশেষ কোনো ধর্মের মতকে তিনি গ্রহণ করেননি। যে ধর্মকে তিনি প্রাধান্য দিয়েছেন, তা মানুষের ধর্ম। এ জন্যই আমাদের জীবনের সঙ্গে তাঁর গান এত বেশি জড়িয়ে আছে। এই ভাবনাই আমাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এই সম্মেলনের মধ্য দিয়ে। তাঁর গান ও ভাবনা সকল দেশে ব্যাপ্ত হবে, সেই কামনা করি।’
অতিথি শামীমুল হক সিদ্দিকী বলেন, ‘আমাদের ক্ষমতা কম কিন্তু ইচ্ছা অনেক। পটুয়াখালীর এই সম্মেলনের সঙ্গে জড়িত যাঁরা, তাঁরা সার্থক করার জন্য কঠিন পরিশ্রম করেছেন।’
সভাপতি সন্জীদা খাতুন বললেন, ‘রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কী ছিল আমাদের লক্ষ্য? আমরা কি আলো সাজিয়ে, গান গাইব, নাচ করব, আবৃত্তি করব—এটাই কি শুধু উদ্দেশ্য? এই প্রশ্ন আমরা নিজেদের করছি যখন, তখন দেখছি দেশের খেটে খাওয়া মানুষের কথা বলেছেন রবীন্দ্রনাথ। আমরা চাই সংস্কৃতির স্পর্শ মানুষ তার অন্তরে উজ্জীবিত করুক। আমরা সাম্প্রদায়িক বিষবাষ্প থেকে মুক্তি চাই। সে জন্য পাঠচক্র করা প্রয়োজন। পাঠচক্রের মাধ্যমে রবীন্দ্রনাথকে জানব, দেশের মানুষকে জানাব। সাম্প্রদায়িকতার বিষ থেকে নিজেরা মুক্ত হয়ে মানুষকে মুক্ত না করলে দেশের মুক্তি আসবে না। রবীন্দ্রনাথ সব সময় বলেছেন, সহজ ভাষায় লেখা বই দাও সকলকে, যেন একজন কৃষক, গৃহিণীও তার অন্তরকে প্রস্তুত করতে পারে।’
উদ্বোধনী অনুষ্ঠানের পরপর ‘রবিরশ্মি’ শীর্ষক আলোচনা করেন ডা. সারওয়ার আলী। এরপর ছিল গান, নাচ ও আবৃত্তি। অধিবেশন শেষ হয় জাতীয় সংগীত পরিবেশন করে।
আজকের আয়োজন
আজ সকাল সাড়ে ১০টায় সমুদ্রসৈকত কুয়াকাটায় থাকছে প্রীতিসম্মিলন। এরপর শুভেচ্ছা বক্তব্য, সম্মেলক ও একক সংগীত, আবৃত্তি এবং রাখাইন নৃত্য। তিন দিনব্যাপী রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের এই ৩৫তম অধিবেশন শেষ হবে ১৩ মার্চ।