পশ্চিমবঙ্গ যুব উৎসবে হৃদয়ের গান

আবারও কলকাতায় গেলেন হৃদয়। এবার আর ছবির গানে কণ্ঠ দিতে নয়, হৃদয়কে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের হলদিয়া শহরে আয়োজিত যুব উৎসবে গান গাইতে। আজ শনিবার রাতে পশ্চিমবঙ্গের হলদিয়া শহরে অনুষ্ঠিত যুব উৎসবে গান করবেন হৃদয়।
পশ্চিমবঙ্গে আয়োজিত যুব উৎসবে গান গাইতে যন্ত্রশিল্পীদের সঙ্গে নিয়ে গতকাল শুক্রবার ঢাকা ছাড়েন হৃদয়। সঙ্গে ছিলেন হৃদয় খানের স্ত্রী সুজানাও। এমন একটি উৎসবে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে হৃদয়ও বেশ উচ্ছ্বসিত। বললেন, ‘এর আগে বেশ কয়েকবারই কলকাতা যাওয়া হয়েছে। কিন্তু এবারের যাওয়াটা একেবারেই ব্যতিক্রম। পশ্চিমবঙ্গের যুব উৎসবে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছি। তা-ও আবার আমার একক শো। আমি আনন্দিত ও গর্বিত। আশা করছি, সেখানকার শ্রোতারা বাংলাদেশি গানে মেতে উঠবেন।’
চলতি বছরের শুরুর দিকে কলকাতার ছবিতে গান করেছিলেন বাংলাদেশের হৃদয় খান। ‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রে হৃদয়ের গাওয়া গান দারুণ শ্রোতাপ্রিয়তা লাভ করে।