পাঁচ ঘণ্টায় ১৫ হাজার টাকায় গানের ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের ভিডিওর একটি দৃশ্যে ব্যান্ডের সদস্যরা
গানের ভিডিওর একটি দৃশ্যে ব্যান্ডের সদস্যরা

মাত্র পাঁচ ঘণ্টায় ১৫ হাজার টাকা খরচ করে পুরো একটি গানের ভিডিও! অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু সত্যি। জন কবির ও তাঁর বন্ধুরা মিলে নিজেদের ব্যান্ড ইনডালোর জন্য গানের ভিডিওটি বানিয়েছেন।
গত শনিবার ঢাকার অদূরে সাভারে একটি বিনোদনকেন্দ্রে ‘প্লাস্টিক’ শিরোনামের গানটির ভিডিওর দৃশ্য ধারণ করা হয়। ভালোবাসা দিবস উপলক্ষে গানটির ভিডিও ইউটিউব ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হবে। এখন চলছে সম্পাদনার কাজ।
উল্লেখ্য, ইদানীং গানের ভিডিও নিয়ে শিল্পীসহ সবারই থাকে অন্য রকম পরিকল্পনা। কেউ কেউ গানের ভিডিও বানাতে সময় নেন দুই থেকে তিন দিন। আবার কেউ ভিডিও বানাতে সপ্তাহ খানেকের বেশি সময় নেন। এসব গানের ভিডিও তৈরিতে অনেক সময় বাজেটের কোনো সীমা থাকে না। এক গানে কয়েক লাখ টাকাও খরচ করতে দেখা গেছে। সেখানে ইনডালো ব্যান্ডের জন কবির ও তাঁর বন্ধুরা পুরোপুরিই উল্টো পথে হাঁটলেন।
জন কবির বলেন, ‘গানের ভিডিও নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই। গানের ক্ষেত্রে বাণীটাই প্রধান। এই বাণীটা দর্শক-শ্রোতার কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেটাই মূল টার্গেট হওয়া উচিত। পাশাপাশি ভিডিওটি যেন দেখার উপযোগী হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। একটি গানের ভিডিও নির্মাণে যা কিছু করা দরকার, আমাদের দলের সদস্যরা সবাই তার সবকিছুই জানেন। এরপর নিজেরা বসে কথা বলে ঠিক করে িনই, কীভাবে গানটি বানানো যায়। এরপর রিসোর্টে সবাই মিলে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে গানের শুটিং শেষ করি। নিজেরা ক্যামেরা চালিয়েছি। নিজেরাই সবকিছু করেছি।’
জন কবির বলেন, ‘আমরা এই গানের মাধ্যমে দর্শক-শ্রোতাদের নব্বইয়ের দশকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কস্টিউম থেকে শুরু করে নির্মাণে সেই আবহটা তুলে ধরার চেষ্টা করেছি।’
ইনডালো ব্যান্ডের সদস্যরা হচ্ছেন জন কবির (ভোকাল ও গিটার), জুবায়ের (গিটার ও ভোকাল), ডিউ (ড্রামস) এবং বার্ট (বেজ গিটার)।