পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত তারকা জেমস আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গান গাইবেন। মহান বিজয় দিবস উপলক্ষে টিএসসিতে ‘বিজয় কনসার্ট’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এর আগে জেমস ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সর্বশেষ গান করেন বছর পাঁচেক আগে।
জেমসের ব্যবস্থাপক রবিন ঠাকুর জানান, বেলা সাড়ে তিনটায় জেমস মঞ্চে উঠবেন। ঘণ্টা দেড়েক গান করবেন তিনি। ১৫টি গান গাওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। সঙ্গে থাকবে তাঁর ব্যান্ড নগর বাউল। জেমস অনেক দিন পর ঢাকায় কোনো উন্মুক্ত অনুষ্ঠানে গান করবেন।
জানা গেছে, টিএসসিতে ‘বিজয় কনসার্ট’ শুরু হবে বেলা দুইটায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই আয়োজনে আরও গান করবেন মিলা। তিনি মঞ্চে উঠবেন বেলা আড়াইটায়। কনসার্টের শুরুতে গান করবেন পুলক ও অর্জন। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি।