পাঁচ বছর পর ব্ল্যাকের ৫ নম্বর অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাক ব্যান্ডের সদস্যরা
ব্ল্যাক ব্যান্ডের সদস্যরা

পাঁচ বছর আগে ব্ল্যাক ব্যান্ড ছাড়েন জন কবির। তখন পর্যন্ত এই ব্যান্ডের প্রকাশিত অ্যালবামের সংখ্যা ছিল চার। সর্বশেষ অ্যালবাম ব্ল্যাক প্রকাশের পর আবার পাঁচ বছরের বিরতি। জন চলে যাওয়ার পর এই সময়ের মধ্যে নিজেদের গুছিয়ে নেয় দলটি। দলে যোগ দিয়েছেন নতুন দুই সদস্য রুবাইয়াৎ ও চার্লস। সবকিছু গুছিয়ে পাঁচ বছর বিরতির পর ৫ নম্বর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি।
ব্ল্যাক ব্যান্ডের নতুন অ্যালবামের নাম ঊনমানুষ। গত বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপে অ্যালবাম প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন ব্যান্ডের অন্যতম সদস্য জাহান। তিনি বলেন, ২২ অক্টোবর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান করা হবে। এতে ব্যান্ডের পুরোনো সদস্যদের পাশাপাশি এই প্রজন্মের অন্য ব্যান্ডের সদস্যরাও উপস্থিত থাকবেন।
শুরুর দিকে ব্ল্যাক ব্যান্ডে ছিলেন তাহসানও। জন ও তাহসানের অনুপস্থিতি কি উপলব্ধি করেছে ব্ল্যাক? এমন প্রশ্নে জাহান বলেন, ‘এটা ঠিক যে কেউ কারও জায়গা কখনো নিতে পারে না। আমরা ওদের খুব মিস করি। তবে নতুন যারাই যোগ দিয়েছে, তাদেরও আলাদা একটা বিশেষত্ব আছে। আশা করছি, শ্রোতারা দারুণ কিছু উপহার পাবেনই।’
এখন পর্যন্ত ব্ল্যাক ব্যান্ডের প্রকাশিত অ্যালবামগুলো হচ্ছে আমার পৃথিবী (২০০১), উৎসবের পর (২০০৩), আবার (২০০৮) এবং ব্ল্যাক (২০১১)।