পাঁচ বছর পর মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাজ
মমতাজ

মমতাজ আবার অ্যালবাম করছেন। অসংখ্য অ্যালবামের শিল্পী মমতাজ বহুদিন একক অ্যালবাম করেননি। এবার সেটা করছেন; সুখবরটা তিনিই দিলেন।
‘আমার সর্বশেষ একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিল পাঁচ বছর আগে। এই মুহূর্তে নামটিও মনে করতে পারছি না। এস আই টুটুল অ্যালবামের গানগুলোর সুর ও সংগীত পরিচালনার কাজ করেছিলেন। তবে গত পাঁচ বছরে বিভিন্ন সময়ে গাওয়া গানের অ্যালবাম থেকে সংকলিত গান নিয়ে অ্যালবাম প্রকাশ করেছি। অনেক বছর পর নতুন অ্যালবামের কাজ শুরু করেছি ভেবে ভালোই লাগছে। শ্রোতাদেরও আমার কাছ থেকে নতুন গানের চাহিদা ছিল। অবশেষে কাজটি শুরু করলাম,’ বললেন বাংলাদেশের ফোকসম্রাজ্ঞীখ্যাত সংগীতশিল্পী মমতাজ। সবকিছু ঠিক থাকলে সামনের ঈদে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার ইচ্ছা তাঁর।
এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া মমতাজের নতুন অ্যালবামে গান থাকবে আটটি। এই গানগুলোর ধরন আগের অ্যালবামের গানের চেয়ে আলাদা হবে বলে জানান মমতাজ। বললেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করে থাকি, এই অ্যালবামে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। নতুন কিছুর সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে চাই।’
মমতাজের নতুন অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করছেন রাজেশ। তিনি বললেন, ‘মমতাজ আপার সঙ্গে একটি মিশ্র অ্যালবামে এবং তিন-চারবার ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান করেছি। এবারই প্রথম তাঁর জন্য পূর্ণাঙ্গ অ্যালবাম করছি। শ্রোতাদের কাছে মমতাজ আপার জনপ্রিয়তার ব্যাপারটি মাথায় রেখেই গানগুলো তৈরি করা হচ্ছে।’
এদিকে এ মাসের ১৮ তারিখ গানের অনুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মমতাজ। ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন।