পাঁচটি গানের মিউজিক ভিডিও

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ এবার হাজির হচ্ছেন এনটিভিতে। ‘প্রিয় অনুভব’ নামের অনুষ্ঠানটিতে প্রচার হবে তাঁর পাঁচটি গানের মিউজিক ভিডিও। অনুষ্ঠানটি উপস্থাপনাও করবেন তিনি। অনুষ্ঠানটি নিয়ে কুমার বিশ্বজিৎ জানান, পাঁচটি গানের মধ্যে তিনটি গানের শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন লোকেশনে। এর মধ্যে ছিল ওয়াশিংটন, বাল্টিমোর, নিউইর্য়ক ও নিউজার্সি। বাকি দুটি গানের শুটিং হয়েছে বাংলাদেশের মানিকগঞ্জ ও চট্টগ্রামে। অনুষ্ঠানটি নিয়ে তিনি বলেন, ‘আমার খুব পছন্দের পাঁচটি গানের ভিডিও করা হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
‘প্রিয় অনুভব’-এ গাওয়া গানগুলো হলো, ‘শিশিরের টুপটাপ’, ‘এমন পর করো তুমি’, ‘যত দূরে যাও, ফিরবে আবার’, ‘জলে যাইয়ো না গো রাই’ ও ‘মন আমার’। অনুষ্ঠানটি ঈদ অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচার করা হবে। এ ছাড়া কুমার বিশ্বজিৎ বর্তমানে সরকারি অনুদানপ্রাপ্ত সুতপার ঠিকানা চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন।