‘পাখি’র পর ‘জেট ল্যাগ ভালোবাসা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব

কয়েক বছর ধরে নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। কাজের ফাঁকে সুযোগ পেলে শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করেন। ব্যান্ড সংগীতের জনপ্রিয় এই গায়ক এবার নতুন আরেকটি গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন। এটি দ্বৈত কণ্ঠের একটি গান। সহশিল্পী কে, তা জানাতে না চাইলেও এটুকু আভাস দিয়ে রাখলেন, তাঁর সমসাময়িক একজন নারী শিল্পীই এই গানে কণ্ঠ দিয়েছেন।
বিপ্লব বললেন, ‘আমার দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে খুব বেশি দ্বৈত গান গাইনি। একেবারেই হাতে গোনা কয়েকটা। তাই একটি দ্বৈত গানের পরিকল্পনা বেশ কিছুদিন ধরেই করছিলাম। দ্বৈত কণ্ঠের সেই গান আমার সঙ্গে কে গাইবে, তা নিয়েও ভাবছিলাম। এরপর কথা বললাম। আমার সমসাময়িক সেই শিল্পীও তার সম্মতি দিল। খুশি হলো। তারপর গানটার কাজও এগিয়ে গেল।’

বিপ্লব

‘জেট ল্যাগ ভালোবাসা’ শিরোনামের এই গানের রেকর্ডিং নিউইয়র্কের আরএমডি স্টুডিওতে হয়েছে। এই গানের কথা, সুর ও সংগীত পরিচালনাও করেছেন বিপ্লব। শিগগির এই গানের ভিডিও চিত্র ধারণেরও কাজ শুরু হবে বলেও নিউইয়র্ক থেকে জানালেন বিপ্লব। গানটি সম্পর্কে বিপ্লব বললেন, ‘গানের শিরোনাম শুনলে একেকজনের একেক রকম ধারণা হতে পারে। বিষয়টা মোটেও তেমন কিছু নয়। গানটা একেবারেই ভিন্ন রকম কথা ও সুরের। শুধু এটুকু বলতে চাই, দারুণ একটি প্রেমের গান। এমন একটি গানে শ্রোতারা নিজেদের বেশ ভালোভাবে রিলেট করতে পারবেন।’

বিপ্লব

গত বছরের মাঝামাঝি সময় প্রকাশিত হয় বিপ্লবের গাওয়া গান ‘পাখি’। গানটি বিপ্লবের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। এই প্ল্যাটফর্মে বিপ্লব তাঁর গাওয়া পুরোনো গান আপলোড করার পাশাপাশি নতুন গানও প্রকাশ করছেন। নতুন গানটিও একই প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। কয়েক বছর ধরে বিপ্লব নিউইয়র্কে থাকলেও সেখানে যখনই সময় পাচ্ছেন, গান লেখা, গিটার হাতে গানের প্র্যাকটিস করায় নিজেকে ব্যস্ত রাখছেন। বিপ্লব বলেন, ‘আমি গানের মানুষ। গান ছাড়া তো থাকা সম্ভব নয়। ভিন্ন পেশায় এখানে নিজেকে নিয়োজিত রাখলেও গানের চর্চা নিয়মিতই চালিয়ে যাচ্ছি। এটা আমার আত্মার খোরাক।’