পাঞ্জাবিতে মিনারের ঈদ

তরুণ সংগীতশিল্পী মিনার বেশ কিছু গান গেয়ে শ্রোতার মন জয় করেছেন। এবারের ঈদে কী করবেন তিনি? পরবেনই বা কী? জেনে নিন এসবই।
ঈদের দিন সকালে উঠেই মিনারের ব্যস্ততা শুরু হয় নামাজ পড়তে যাওয়া নিয়ে। গোসল করে তারপর নতুন পোশাক পরেন। তবে সকালে সেটা অবশ্যই পাঞ্জাবি। ঈদে পাঞ্জাবিতেই সারা দিন পার হয়ে যায়। কখনো পায়জামা দিয়ে আবার কখনো জিনস প্যান্টের সঙ্গে পাঞ্জাবি পরেন মিনার। চট্টগ্রাম শহরে পরিবারের সঙ্গেই প্রায় নিয়মিত ঈদ উদ্যাপন করেন।
এই ‘ঝুম’ তারকা জানালেন, ‘চট্টগ্রামে ঈদগাহ থেকে ফিরেই সবার আগে আব্বুর কবর জিয়ারত করতে যাই। যতই কাজ থাকুক এটা পাল্টাবে না। এরপর বাসায় এসে খাই। তবে এবার কাজের চাপ আছে, ঈদ হয়তো ঢাকাতেই কাটবে।’
যেহেতু ঢাকাতেও আত্মীয়স্বজন আছে, এই ঈদে তাদের বাসায়ও বেড়াবেন মিনার। জানালেন কোরবানি নিয়ে পরিকল্পনার কথা, ‘আর ঈদুল আজহায় কোরবানির একটা বিষয় আছে, তাই কোরবানির মাংস নিয়েও ব্যস্ততা থাকবে।’
সাধারণত ঈদের দিন মিনারের বড় একটা সময় কাটে কাজিনদের সঙ্গে। সকালের দিকেই কাজিনরা আসেন মিনারদের বাসায়, আবার কখনো মিনার চলে যান কাজিনদের বাসায়। গল্প, আড্ডা আর খাওয়াদাওয়া করেই কেটে যায় সময়। মিনার বললেন, ‘অনেক সময় ঈদের দিন তো বটেই, পরের কয়েক দিন টানা চলতে থাকে দাওয়াত।’
কোন ধরনের বা কোন রঙের পোশাক পছন্দ? এই প্রশ্নের উত্তর মিনার বললেন, ‘নীল রং আমার খুব পছন্দের। তাই পোশাকেও অনেক সময়ই নীলের ছোঁয়া থাকে। ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন অন্য পোশাক পরলেও প্রথম পছন্দ থাকে পাঞ্জাবি।’ ঢাকায় ঈদ করা মানে, ঈদের পরদিন ‘বসের’ বাসায় মিনার। এই ‘বস’ মানে কার্টুনিস্ট, রম্যলেখক এবং ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীব। সবাই মিলে আহসান হাবীবের বাসায় আড্ডা আর খাওয়াদাওয়া করে মজায় কেটে যায় সময়টা।