‘পারফিউম’ নিয়ে আসছে শিরোনামহীন
‘পারফিউম’ নামে ষষ্ঠ অ্যালবাম প্রস্তুত করছে গানের দল শিরোনামহীন। আগামী মাসে শুরু হবে অ্যালবামের একই শিরোনামের গানটির সংগীতচিত্রের শুটিং। আর আগামী বছর বড় পরিসরে দলটি উদ্যাপন করবে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ–সংক্রান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে শিরোনামহীন, জানালেন দলের প্রধান জিয়া রহমান।
১৯৯৬ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শিরোনামহীন ব্যান্ড। চলতি বছর ২৫ বছরে পদার্পণ করেছে তারা। করোনা মহামারির কারণে এ বছর তেমন কিছু করার সুযোগ হয়নি। তবে আগামী বছর রজতজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী কনসার্টের পরিকল্পনা রয়েছে তাদের। আর সবচেয়ে বড় আর চমকপ্রদ অনুষ্ঠানটি হবে ঢাকায়। এ অনুষ্ঠানকে সামনে রেখে দলটি নির্মাণ করতে যাচ্ছে ব্যয়বহুল একটি সংগীতচিত্র।
জিয়া রহমান বলেন, ‘সবুজ পাতা নামের যে বাড়িটি সম্মানজনক আর্ক এশিয়া পুরস্কার জিতেছে এ বছর, সেখানেই আমাদের অ্যালবামের ‘শিরোনাম’ গানটির শুটিং হবে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। যদিও জায়গাটিতে শুটিংয়ের জন্য কাউকে অনুমতি দেওয়া হয় না। বিশেষ কারণে আমরা এ সুযোগটি পাচ্ছি।’
শিরোনামহীন ব্যান্ডের বর্তমান লাইন–আপে রয়েছেন গীতিকার, সুরকার, বেস গিটারিস্ট, চেলিস্ট ও সরোদবাদক জিয়া রহমান। ড্রাম, সরোদ ও বাঁশিতে কাজী আহমাদ শাফিন, লিড গিটারে দিয়াত খান, কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াক ও কিবোর্ডে সাইমন চৌধুরী। জিয়া রহমান বলেন, ‘করোনায় কনসার্ট বন্ধ থাকলেও আমাদের গান বন্ধ ছিল না। এরই মধ্যে বেশ কিছু গান আমরা অনলাইনে প্রকাশ করেছি। “পারফিউম” হতে যাচ্ছে আমাদের নতুন অ্যালবামের ৮ নম্বর গান।’ সংগীতচিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এর নির্দেশনা দেব আমি। দর্শক-শ্রোতারা একটা পৌরাণিক গল্পের চিত্র দেখবেন। সারা বছর আমরা এর প্রস্তুতি নিয়েছি। ভিডিও শেষে তিন মাস ধরে ভিএফএক্সের কাজ হবে। এর পেছনে অনেক টাকা ব্যয় হবে।’
শিরোনামহীনের ২৫ পূর্তি উদ্যাপনী কনসার্টের আয়োজন করতে যাচ্ছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে তারা। শিগগির কনসার্টের বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি দিয়েছে দলটি।