পারিশ্রমিক কমিয়ে দিলেন সালমা
কাছাকাছি সময়ে কয়েক গুচ্ছ গানে কণ্ঠ দিয়েছেন সালমা। একের পর এক প্রকাশিত হচ্ছে সেই গানগুলো। কিন্তু এত অল্প সময়ে এত গান করা কীভাবে সম্ভব, আর কেনই–বা করছেন তিনি? মাঝে বেশ কিছুদিন গান থেকে দূরে ছিলেন এই শিল্পী। সেই শূন্যতা পূরণ করতেই কি অল্প সময়ে এত গান করলেন সাবেক এই ক্লোজআপ ওয়ান তারকা? এর মধ্যে আবার পারিশ্রমিকও কমিয়ে দিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ছেন সালমা। এই মুহূর্তে অনলাইনে ক্লাস করতে হচ্ছে তাঁকে। মাঝে পড়াশোনায় দিতে হয়েছিল এক বছরের বিরতি। এমনকি গানেও। তিনি বলেন, ‘ওই সময় আমি মা হয়েছি। সন্তান জন্ম দেওয়ার আগে ও পরের অনেক দিন সবকিছু থেকে বিরত ছিলাম। এ কারণে লেখাপড়ায় সময় দিতে পারিনি। তা ছাড়া লেখাপড়ার ক্ষেত্রে আপসের কোনো সুযোগ নেই। পড়াশোনাটা নিয়ম করেই করতে হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় পড়াশোনার সুযোগ কম।’ তিনি আরও বলেন, ‘মেয়ের জন্মের পর থেকে তাকে নিয়ে বেশির ভাগ সময় গেছে আমার। সবকিছুর ঊর্ধ্বে আমার মেয়ে। তাকে ঘিরেই আমার স্বপ্ন। আগে সন্তান, পরে অন্য কাজ।’
এক মাসে এত গান করলেন কেন? সালমা বলেন, ‘দুটি কারণে। প্রথমত, আমি গান গাওয়ার পারিশ্রমিক কমিয়ে দিয়েছি। দ্বিতীয়ত, গানের অনুশীলন, রেকর্ডিংয়ের সময় আমার সন্তানকে দেখভাল করেন আমার স্বামী এবং শাশুড়ি। যার কারণে এত কাজ করার সুযোগ পাচ্ছি। তাঁদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। তাঁদের উত্সাহে গান নিয়ে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। আগে বেশ কয়েক বছর এ রকম সুযোগ আমি পাইনি।’
সালমার মেয়ে সাফিয়া নূরের বয়স এখন ১৪ মাস। মেয়ের দেখভাল ও গানের পাশাপাশি শেষ বর্ষের পরীক্ষারও প্রস্তুতি নিচ্ছেন সালমা। বেশ কয়েক বছর পর গানে অন্য রকম এক ব্যস্ততা তৈরি হয়েছে বলে বেশ ভালো লাগছে তাঁর। গত মাসে প্লেব্যাক, অডিও আর সংগীতচিত্র মিলে প্রায় ২৫টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পারিশ্রমিক কমানো প্রসঙ্গে সালমা বলেন, ‘মহামারির কারণে গানের বাজারে ধস নেমেছে। স্টেজ শো নেই, সিনেমা নেই, অডিও প্রকাশ করতে হচ্ছে ফ্রি ইউটিউবে। এমন সময়ে আগের মতো পারিশ্রমিক আমি চাইব কেন?’
প্রকাশের ধারাবাহিকতায় সর্বশেষ বেরিয়েছে ‘অন্তঃপুরে’ শিরোনামে একটি গান। গত বৃহস্পতিবার সংগীতচিত্রসহ গানটি প্রকাশিত হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। সালমা বলেন, ‘এ গানটি আধুনিক ঘরানার। এ গানের জন্য দর্শক–শ্রোতার কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।’ ‘অন্তঃপুরে’ গানটি লিখেছেন ওমর ফারুক, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজা। সংগীতচিত্র পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।