পিতৃপুরুষের ভিটায় পার্বতী

পিতৃপুরুষের ভিটেমাটি চোখের জলে ভিজিয়ে দিলেন পার্বতী বাউল। গান করে বহু দেশে, বহু স্থানে ঘুরে ঘুরে ভক্তদের ভালোবাসা পেয়েছেন। কিন্তু গত সোমবার দক্ষিণ রাউজানের শান্ত গ্রাম পশ্চিম গুজরার পারিয়ালপাড়ায় পিতৃপুরুষের ভিটেমাটিতে এসে যে ভালোবাসা পেয়েছেন, সেটিই নাকি তাঁর জীবনের শ্রেষ্ঠ অর্জন। গুজরায় নিজের জন্ম না হলেও ছোটবেলা থেকে মা-বাবা ও ঠাকুরদার কাছে গল্প শুনেছেন। দীর্ঘদিন ধরেই পূর্বপুরুষের গ্রামটি দেখার ইচ্ছে তাঁর। সেই স্বপ্ন পূরণ করতে চট্টগ্রামে উড়ে এসেছেন তিনি।
পার্বতী বাউলের আসল নাম মৌসুমী পারিয়াল। তাঁর বাবা বীরেন্দ্রনাথ পারিয়াল। এই দেশ ছেড়ে চলে গেছেন ১৯৪৭ সালে। এরপর অনেক দিন পিতামহ যোগেশ চন্দ্র এই দেশে ছিলেন। তিনি তত্কালীন পাকিস্তান ছাড়েন ১৯৬৭ সালে। অনেক দিন পর সেই পরিত্যক্ত ভিটায় পায়ের ছাপ পড়ল পারিয়াল পরিবারের একজন উত্তরপুরুষের। বাড়ির পাশের পূর্বপুরুষের ব্যবহৃত সেই নিস্তরঙ্গ পুকুরে আজ স্মৃতি-জাগানিয়া ঢেউ উঠল। শিল্পীকে উলুধ্বনি দিয়ে, শাঁখ বাজিয়ে স্বাগত জানান গ্রামের বাসিন্দারা। তাঁকে সবাই ধান-দূর্বা দিয়ে বরণ করেন। গ্রামের মানুষের এই আতিথেয়তা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন পার্বতী। নিজেদের ভিটা থেকে সংগ্রহ করেন এক টুকরা মাটি আর পুকুর থেকে জল। সারা দিন পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন দেখতে দেখতে, গ্রামের মানুষের সঙ্গে নেচে-গেয়ে কাটিয়ে দেন একটি দিন। গ্রামের মেয়ে চলে যাওয়ার সময় পারিয়ালবাড়ির রীতি অনুযায়ী তাঁর হাতে তুলে দেওয়া হলো চাল, মোয়া ও মুড়কি। তিনি প্রসাদ ভেবে সেগুলো আঁজলা ভরে তুলে নেন। গ্রামের সবাইকে অঝোরে কাঁদিয়ে শেষ বিকেলে বিদায় নেন তিনি।