বাংলার চিরায়ত লোকগানের ভান্ডার থেকে বাছাই করা একগুচ্ছ গান ভিডিওসহ প্রস্তুত করা হয়েছে নতুন প্রজন্মের জন্য। ‘শিকড়ের গান’ শিরোনামে সেগুলো একে একে প্রকাশিত হচ্ছে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এরই ধারাবাহিকতায় আজ রাতে নবসংগীতায়োজনে প্রকাশিত হচ্ছে পিন্টু ঘোষের কণ্ঠে সৈয়দ শাহনুরের ‘বন্ধু তোর লাইগা রে’ গানটি।
৫৫টি লোকগান নতুন আঙ্গিকে তুলে ধরা হচ্ছে নতুন প্রজন্মের কাছে। নতুন গানগুলো উপস্থাপিত হচ্ছে পিয়ানো সংস্করণে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে অবন্তি সিঁথি, সফি মণ্ডল, আনিকার গান। ডিজে রাহাতের পরিকল্পনা ও গোলাম রাব্বানীর সংগীতায়োজনে এই সময়ের ১৬ জন তরুণ গেয়েছেন শিকড়ের গানগুলো। শিল্পীদের সেই তালিকায় আছেন আঁচল, শাওন গানওয়ালা, শামীম, পারভেজ, লামিয়া, সুমি মির্জা, মেজবাহ বাপ্পী, সাবরিনা সাবা, ইমরান, হাসিব, মাহতিম শাকিব, পূর্ণতা ও নূর নবী। লোকগানের তালিকায় রয়েছে ‘নিশা লাগিল রে’, ‘নদী ভরা ঢেউ’, ‘হার কালা করলাম রে’, ‘বিহুরে লগন’, ‘বনমালি তুমি’, ‘সময় গেলে সাধন’, ‘তুই যদি আমার হইতি রে’–এর মতো গানগুলো। এ ছাড়া থাকবে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি।
প্রতি শুক্রবার রাত আটটায় অবমুক্ত হবে একটি করে শিকড়ের গান। প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ছাড়াও এগুলো দেখা যাবে ডিজে রাহাতের পেজ ও চ্যানেলে। প্রথম আলো ডটকম নিবেদিত শিকড়ের গান নির্মাণে সহযোগিতা করেছে ঐক্য ডটকম ডটবিডি।