পিয়ানোর জাদুকরের চিরবিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওন রাসেল। পিয়ানোয় আঙুল ঘুরিয়ে জাদু খেলা সেই শিল্পী পৃথিবী ছেড়ে চলে গেলেন ৭৪ বছর বয়সে। গত রোববার সকালে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন যুক্তরাষ্ট্রের এই সংগীতশিল্পী।
সত্তরের দশকে বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন রাসেল। পিয়ানো, বেজ গিটার, মেন্ডোলিনে বাজানোয় যেমন দক্ষতা দেখিয়েছেন, তেমনি লোকগান, জ্যাজ, ব্লুজ আর রক গান দিয়েও মাতিয়েছেন দুনিয়া। তিনি শুধু গাইতেনই না, লিখতেনও। বিশ্বব্যাপী তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ার আগে ষাটের দশকে তিনি কাজ করতেন স্টুডিও পিয়ানিস্ট হিসেবে।
লিওন রাসেলের প্রায় ৩৫টির বেশি গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। ২০১১ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে ওঠে এ শিল্পীর নাম। জনপ্রিয় সংগীতশিল্পী এলটন জন কিংবদন্তি লিওন রাসেলকে নিজের সংগীতের আদর্শ ও অনুপ্রেরণা হিসেবে মনে করতেন। বিবিসি, ইয়াহু।