পুতুলের কণ্ঠে শোকের গান
ভালো নেই পুতুলের মন। বাড়ির দুজন মানুষ রোগশয্যায়। চারপাশে রোগ, মৃত্যুশোকের খবরে বিমর্ষ তাঁর শিল্পীমন। তবু কণ্ঠে গান তাঁকে তুলতেই হলো, পুরোনো এক শোকের গান।
সম্প্রতি কয়েকটি গান করেছেন সাজিয়া সুলতানা পুতুল। নিজের স্টুডিও গানবাড়িতে চলছে অন্যদের গানের রেকর্ডিং।
নাটক–সিনেমার গানের পাশাপাশি সেখানে চলছে তাঁর নিজের মৌলিক গানেরও কাজ। চলতি মাসের শেষের দিকে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন ‘সেই কবিতার গল্প বলি’ শিরোনামে একটি মৌলিক গান। গানটির কথা ও সুর তাঁর নিজের করা। পুতুল বলেন, ‘নিজের চ্যানেলের জন্য গানটি করেছি। শিগগিরই হয়তো প্রকাশ করব। পরিবারের মানুষেরা অসুস্থ বলে অনেক কিছু করা হয় না। মনটা নানা শঙ্কায় ভরে থাকে। তবে শোকের মাস আগস্টে আমার দুটি গান প্রকাশিত হবে।’
পুতুল জানালেন শৈশবে শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে তিনি শুনেছিলেন ‘শোকের আগুন জ্বলে’ গানটি। এই গানটিকেই নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলে নিয়েছেন তিনি। এ ছাড়া ‘যদি রাত পোহালে শোনা যেত’ গানটিতেও কণ্ঠ দিয়েছেন। ১৫ জন নারী শিল্পীর জন্য গানটির নবসংগীতায়োজন করেছেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস।
গত এপ্রিল মাসে সংগীতসঙ্গী রেজা আলীকে বিয়ে করেন শিল্পী পুতুল। জানালেন, স্বাভাবিক নিয়মে কেটে যাচ্ছে তাঁর সংসার। শ্বশুরবাড়ির কাছেই দুজনের জন্য একটি আলাদা বাসা রয়েছে। তবু শ্বশুরবাড়িতেই থাকেন সবার সঙ্গে। মধুচন্দ্রিমার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘কেবল তো লকডাউন উঠল। তার ওপর বাড়ির মানুষেরা অসুস্থ। সামনে কী হয় কিছুই বলা যাচ্ছে না। তবে বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে।’