পুরস্কার দিতে কলকাতায় রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা
রুনা লায়লা

‘এর আগে কলকাতায় আমাকে আমন্ত্রণ জানানো হয় পুরস্কার নেওয়ার জন্য। এবার কলকাতা থেকে আমন্ত্রণ পেয়েছি পুরস্কার দেওয়ার জন্য।’ বললেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। কলকাতার কলামন্দিরে আগামীকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে স্টেজ ক্রাফট ফাউন্ডেশন। অনুষ্ঠানে গান ও অভিনয়ের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের পেছনের মানুষদের পুরস্কৃত করা হবে। এটি এই আসরের প্রথম আয়োজন। ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা সংগীতশিল্পী উষা উত্থুপ এবং ফেস অব দ্য অর্গানাইজেশন নায়ক প্রসেনজিৎ।
আজ শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়ার কথা রুনা লায়লার। যাওয়ার আগে প্রথম আলোর সঙ্গে আলাপে রুনা লায়লা বলেন, ‘পুরস্কার সাধারণত পর্দার সামনের মানুষগুলোকে দেওয়া হয়। কিন্তু এই সংগঠনটি পর্দার পেছনের মানুষদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছে যা আমার খুবই ভালো লেগেছে।’ 
রুনা লায়লা এও বলেন, ‘কলকাতার সংগীতশিল্পী উষা উত্থুপ আমার দীর্ঘদিনের পরিচিত। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। তাঁর অনুরোধে আমি অনুষ্ঠানে অতিথি হয়েছি। এর আগে পুরস্কার নিতে কলকাতা গিয়েছিলাম। এবার পুরস্কার দিতে যাচ্ছি ভেবে ভালোই লাগছে। পুরস্কার দিতে পারাটাও অনেক আনন্দের।’ 

পরশু দেশে ফিরবেন রুনা লায়লা।