পুরোনো গানে নতুন করে ফকির আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফকির আলমগীর
ফকির আলমগীর

দীর্ঘ সংগীতজীবনে অনেক গান গেয়েছেন, এর মধ্যে ১২টি গান আবার নতুন সংগীতায়োজনে গাইলেন ফকির আলমগীর। এই গানগুলো নিয়ে নতুন করে প্রকাশিত হতে যাওয়া অ্যালবামটির নাম দিয়েছেন ‘ওল্ড ইজ গোল্ড’। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপে নতুন অ্যালবাম প্রকাশের খবরটি জানান তিনি।

অ্যালবাম প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘অনেক দিন ধরে এই অ্যালবামের কাজ চলছিল। অবশেষে তা শ্রোতাদের হাতে তুলে দিতে পারছি ভেবে ভালো লাগছে। অনেক শ্রম, মেধা ও যত্নের সমন্বয়ে প্রতিটি গান তৈরি হয়েছে, যা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। এই গানগুলো শ্রোতাদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।’

‘ওল্ড ইজ গোল্ড’ অ্যালবামের গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, মিলন খান, হাজী সাহেব (মাইজভান্ডারি), আবদুল হাই আল হাদী, আহমেদ সাফা ও এ-আজাদ-এস কবির। সুর ও সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী, আবু তাহের, আলী আকবর রুপু ও ফকির আলমগীর নিজে।

অ্যালবামটি প্রকাশ করছে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক। এই প্রতিষ্ঠানের পক্ষে এমদাদ সুমন বলেন, ‘ফকির আলমগীর আমাদের দেশে অনেক বড় মাপের সংগীতশিল্পী। তিনি রাষ্ট্রীয়ভাবে একুশে পদকসহ বিভিন্ন পদক পেয়েছেন। আমাদের প্রতিষ্ঠান তাঁকে নিয়ে কাজ করতে পেরে গর্বিত।’