পুলক-পড়শির অভিষেক 'বিষাক্ত ইয়াবা'র গানে

‘বিষাক্ত ইয়াবা’ নামের একটি চলচ্চিত্রের জন্য গান গাইলেন সংগীতশিল্পী পুলক ও পড়শি। দুজনেরই এটি প্রথম একসঙ্গে গাওয়া কোনো গান। ‘তুমি এলে জীবনে’ শিরোনামের রোমান্টিক ধাঁচের গানটির কথা ও সুর কামরুল খানের। আর সংগীতায়োজন করেছেন বাবুল রাজা ও হৃদয়। ছবিটির পরিচালক এম কে জামান। সম্প্রতি ঢাকার মৌচাকের বাউল স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়।
‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে আবির্ভাব ঘটেছিল পুলকের। সুফি ধাঁচের গানের প্রতি ভালো লাগা ও ভালোবাসা থেকে সেদিকেই মনোনিবেশ করেন তিনি। তবে, ‘বিষাক্ত ইয়াবা’ চলচ্চিত্রে পুলক গেয়েছেন একটি রোমান্টিক ধাঁচের গান। বললেন, ‘সবাই আমাকে সুফি ধাঁচের গান গাইতেই বেশি দেখেছেন। তবে এমনটা নয় যে, আমি অন্য ধরনের গান গাইতে পারি না।’
পুলক বলেন, ‘আমি মনে করি, একজন শিল্পীকে সব ধরনের গানই গাইতে জানতে হয়। সে ভাবনা-চিন্তা থেকেই এবারে একটু বেরিয়ে আসার চেষ্টা করলাম। এই গানে প্রথমবারের মতো আমার সঙ্গে গেয়েছে পড়শি। নতুনদের মধ্যে সে সবার কাছেই পরিচিত। আমার বিশ্বাস, আমাদের দুজনের গাওয়া প্রথম গানটি সবার ভালো লাগবে।’
চ্যানেল আইয়ের রিয়ালিটি শো ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে এসেছেন পড়শি। গান এবং ফেসবুকের অনুসারী— দুদিক থেকেই খুব অল্প সময়ের মধ্যে অনেকের নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি। বর্তমানে এই শিল্পী আছেন যুক্তরাষ্ট্রে।
পড়শি জানিয়েছেন, ‘পুলক ভাইয়ার গান আমার ভালো লাগে। তাঁর সঙ্গে এর আগে কোনো গানে কণ্ঠ দেওয়া হয়ে ওঠেনি। আমাদের এই প্রথম প্রয়াস শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
চলচ্চিত্রের গানের পাশাপাশি পুলক এখন ব্যস্ত আছেন স্টেজ শো এবং নিজের নতুন একক অ্যালবামের গানের রেকর্ডিং নিয়ে।