পুলকের গানে মডেল মাহি

তরুণ কণ্ঠশিল্পী পুলকের গানে মডেল হলেন সামিরা মাহি। পুলকের গাওয়া নতুন গান ‘তুমি যে আমার’ গানে দেখা যাবে তাঁকে। ‘তুমি যে আমার’ গানের মাধ্যমে তিন বছর পর নতুন কোনো গানের ভিডিও নিয়ে দর্শক-শ্রোতার সামনে এলেন পুলক।

আধুনিক, চলচ্চিত্র বা সুফিধারা, সব ধরনের গান করে থাকেন তিনি। প্রথম একক ‘যাযাবর পুলক’ প্রকাশের পর গেয়েছেন বিভিন্ন মিশ্র অ্যালবাম ও চলচ্চিত্রে। নতুন গান ‘তুমি যে আমার’-এ তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিরিন চৌধুরী। পুলকের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির।

নতুন গান ও ভিডিও প্রসঙ্গে পুলক বলেন, ‘সবাই চান সুন্দর গানের সঙ্গে একটা সুন্দর ভিডিও দেখতে। সম্প্রতি তরুণদের পাশাপাশি সিনিয়র শিল্পীরাও গানের ভিডিও তৈরিতে আগ্রহী হয়ে উঠছেন। “তুমি যে আমার” গানটা তৈরির পর আমারও মনে হলো, গানটির একটা ভিডিও হোক না।’ তিনি জানান, পরিচালক বন্ধু সৈকত নাসিরই তাঁকে এ ভিডিও নির্মাণে সাহস জুগিয়েছেন। তাঁর একরকম জোরাজুরিতে ভিডিওতে অংশ নিতে হয়েছে পুলককে।

গানটি অবমুক্তির পর পরিচিত ও অপরিচিত সবাই প্রশংসা করছেন। তাতে দারুণ অনুপ্রাণিত হয়েছেন পুলক। ভিডিওটি দেখে নেওয়া যাবে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে। পুলক জানালেন, দ্বিতীয় একক অ্যালবামের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদুল আজহায় অ্যালবামটি বাজারে ছাড়ার ইচ্ছে আছে অ্যালবাম–সংশ্লিষ্ট সবার।