পূজায় ন্যান্সির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্‌সি
ন্যান্‌সি

হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে একটি গানে কণ্ঠ দিলেন ন্যান্সি। সম্প্রতি ঢাকার লালমাটিয়ার একটি স্টুডিওতে গানটির কণ্ঠধারণের কাজ শেষ হয়। নতুন এ গানটিকে পূজা উপলক্ষে শ্রোতাদের জন্য উপহার হিসেবেই বলতে চাইছেন ন্যান্সি।

‘ধর্ম যার যার উৎসব সবার, পূজার আনন্দে সবাই হই একাকার/ মিলিয়ে কাঁধে কাঁধ, ভুলে যাই কে কোন জাত’—এমন কথার গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মিলনের সুরে যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ ও রনি।

নতুন এ গানটি গেয়ে ন্যান্সি ভীষণ খুশি। প্রথম আলোর সঙ্গে আলাপে গতকাল বুধবার তিনি বলেন, ‘আমরা যাঁরা মুসলমান, তাঁরা যেমন ঈদের সময় আনন্দ-উল্লাসে মেতে উঠি, ঠিক তেমনি দুর্গাপূজায় সর্বজনীনভাবে সবাই অনেক মজা করে। ঈদ উপলক্ষে অনেক গান গাওয়ার অভিজ্ঞতা থাকলেও এবার পূজা উপলক্ষেও গাইলাম। অনুভূতিটা নিঃসন্দেহে ভালো লাগার।’

জানা গেছে, পূজা উপলক্ষে তৈরি এই গানটির জন্য গীতিকার, সুরকার ও সংগীতশিল্পীদের কেউই কোনো পারিশ্রমিক নেননি। তাঁদের মতে, হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে একেবারে প্রাণের তাগিদ থেকেই এ কাজটি করা।

ন্যান্সি বলেন, ‘এটা পুরোপুরি উৎসবকেন্দ্রিক গান। গানটিতে দুর্গাপূজার আবহ দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’ ৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। এর আগেই গানটির অডিও মুক্তি পাবে বলে জানান ন্যান্সি।