পূজায় হবু স্বামীর সঙ্গে পূজা

কাজল দত্তর সঙ্গে সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার আশীর্বাদ হয়ে গেছে ২০১৪ সালে ২৬ সেপ্টেম্বর। কিন্তু এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি। পূজার পড়াশোনার জন্যই সবাই অপেক্ষা করছেন। তাতে কী? হবু বরকে সঙ্গে নিয়েই পূজামণ্ডপে ঘুরছেন পূজা।
মহাসপ্তমী আর মহাঅষ্টমীর দিন তাঁরা ঘুরেছেন শাঁখারি বাজার, তাঁতিবাজার, ঢাকেশ্বরী মন্দির, বনানী মাঠ পূজামণ্ডপ, কলাবাগান মাঠের পূজামণ্ডপ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, রাম কৃষ্ণ মিশন, জগন্নাথ হলের মন্দির, রমনার কালীমন্দির আর খামার বাড়ির পূজামণ্ডপে। আজ তাই খুব ক্লান্ত। সকালটা বাসায় আছেন। বের হবেন সন্ধ্যায়।
পূজা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গান করবেন কলাবাগান মাঠের পূজামণ্ডপে।
এবার দুর্গাপূজায় অনেক আনন্দ করছেন পূজা। বাবা নিবাস চন্দ্র মাঝি পুলিশ কর্মকর্তা থাকেন খুলনায়। পূজার ছুটিতে কাল বুধবার ঢাকায় এসেছেন। পরিবারের সবাই একসঙ্গে পূজা উদ্যাপন করছেন।
পূজা জানিয়েছেন, তিনি সংগীতশিল্পী তাহসানের সঙ্গে সম্প্রতি একটি গান করেছেন। এ গানটির শিরোনাম ‘অনুভবে তুমি’। গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে সংগীতা।