পূজায় হারমোনিয়াম উপহার পেলেন সিঁথি

পূজা উপলক্ষে নতুন একটি হারমোনিয়াম উপহার পেলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। হারমোনিয়াম নিয়ে দারুণ উচ্ছ্বসিত সিঁথি। বললেন, ‘এবারের পূজায় অনেকগুলো উপহার পেয়েছি। এর মধ্যে সেরা উপহার হলো স্বামীর কাছ থেকে পাওয়া একটি নতুন হারমোনিয়াম।’
গতকাল নিউজিল্যান্ড থেকে পূজা উদ্যাপনের খবর জানালেন তিনি। স্বামীসহ বেশ কিছুদিন ধরে সেখানেই আছেন তিনি। তবে কিছুদিন আগে দেশ থেকে ঘুরে গেছেন এ শিল্পী। গেয়েছেন বেশ কিছু গান। অভিনয় করেছেন একটি নাটকেও।
দেশের পূজা উদ্যাপনের স্মৃতি মনে করে সিঁথি বললেন, ‘দেশের পূজা খুবই মিস করি। কারণ, দেশে থাকতে বাড়িতেই পূজা হতো। তখন পূজার সবকিছুর একটা অংশ হতে পারতাম। এখানে তো এই সুযোগ কম।’ তবে এসবের মধ্যে সিঁথি বেশি মিস করছেন সন্ধ্যাবেলার আরতি নাচ।
এ বছর নিউজিল্যান্ডে পূজা উদ্যাপন নিয়ে বললেন, ‘আমি রান্না করতে খুব ভালোবাসি। নিজের হাতে নাড়ু ও মোয়া বানিয়েছি। পরিবারের সবাই মিলে সেগুলো খাব। আর গতকাল অঞ্জলি দিতে গিয়েছিলাম। আজ সারা দিনও কিছু পরিকল্পনা আছে।’
সিঁথি জানালেন, পূজা উপলক্ষে একটি গান করার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে সেটি করা সম্ভব হয়নি।