পেলেতে মুগ্ধ 'পেলে' ছবির সংগীতকার!

কিংবদন্তি ফুটবল তারকা পেলেকে নিয়ে নির্মিতব্য (বায়োপিক) ‘পেলে’ ছবির সুর করছেন অস্কারজয়ী সংগীতকার এ আর রেহমান। সম্প্রতি তিনি কলকাতায় ফুটবলের এই কিংবদন্তি তারকার সাক্ষাৎ পেয়েছিলেন তাঁর জন্মদিনে। এ সময় পেলে ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।
এ প্রসঙ্গে এ আর রেহমান জানিয়েছেন, পেলের সঙ্গে এভাবে তাঁর সাক্ষাৎ; বিশেষ করে একেবারে ঠিক জন্মদিনের দিনটিতেই! এ বিষয়টি তাঁর জীবনে অনেক বড় এক পাওয়া। তিনি বলেন, তাঁর জন্য এটি অনেক বড়ো এক সম্মানের বিষয়।
এ আর রেহমান বলেছেন, ‘এ এক অসাধারণ ঘটনা, বিষয়টা ছিল ‘স্বপ্ন হলো সত্যি’র মতো অভাবনীয়। কলকাতায় যাওয়া, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, ‘প্রিন্স’ সৌরভের সঙ্গে; আর সর্বোপরি পেলের সঙ্গে দেখা হওয়ার বিষয়টা।’
প্রতিভাবান এই সংগীতকার জানিয়েছেন, খেলাধুলার জগতে একজন কিংবদন্তি তারকা পেলে। তাঁকে নিয়ে নির্মিতব্য ছবির সংগীতের জন্য কাজ করা অনেক বড় এক সম্মানের বিষয়। এর আগে এক সাক্ষাৎকারে রেহমান জানিয়েছিলেন, খেলাধুলার বিষয়ে তিনি একেবারে শূন্য, এবং পেলের সম্পর্কে তেমন না জেনেই এ ছবির জন্য সুর করতে শুরু করেছিলেন।
এ আর রেহমান আরও বলেছেন, এই কিংবদন্তিকে নিয়ে আমি যে সুরের কাজ করছি, আদতে তা এক গভীর আবেগ থেকে উৎসারিত। তিনি বলেন এ অনেক কঠিন পরিশ্রমেরও কাজ।
‘পেলে’ ছবিটির (বায়োপিক) চিত্রনাট্য এবং পরিচালনায় আছেন জেফ জিমবালিস্ট ও মাইকেল জিমবালিস্ট। এ ছবির সংগীত প্রসঙ্গে এ আর রেহমান আরও বলেছেন, যদিও সুরের ক্ষেত্রে এ ছবির সুর অনেকটাই ড্যানি বয়েলের ঘরানার; কিন্তু এর সুরে মূলত ‘পেলে’ আর ব্রাজিল, এই দুই-ই প্রবল প্রভাব ফেলেছে। আর এতে আমি অনেক খুশি।