পোকেমন 'নো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ানা
রিয়ানা

পোকেমন গো গেমকে রিয়ানার ‘নো’। চলবে না! এমন নির্দেশনাই দিয়েছেন এই সংগীত তারকা। বলেছেন, তাঁর কনসার্টে কেউ যেন পোকেমন গো গেমটি না খেলেন।

এই নতুন মোবাইল গেমের নেশা এতটাই পেয়ে বসেছে সবাইকে, সারাক্ষণ চোখজোড়া মুঠোফোনের পর্দায় আটকে থাকছে। আপনি শুনতে এসেছেন গান। গান শুনবেন, গলা মেলাবেন, কোমরও দোলাবেন। এসব বাদ দিয়ে কিনা সারাক্ষণ মোবাইল ফোনে গুঁতোগুঁতি! এটাই বরদাশত করতে পারেননি রিয়ানা। সম্প্রতি ফ্রান্সের লিলে মঞ্চে উঠেই তিনি বলে দেন, গান শুনলে শুনতে হবে মন দিয়ে।

‘আমি চাই না আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে বসে বসে মেসেজ দিচ্ছেন কিংবা একের পর এক “পোকেমনস” ধরছেন।’ পোকেমনকে বহুবচন করতে গিয়েই আবার ঝামেলা বাধিয়ে ফেলেন রিয়ানা। পোকেমনভক্তদের মনে খোঁচাই দিয়েছেন। যে খোঁচা সহ্য হয়নি। পোকেমনের হয়ে গেমটির ভক্তরা পাল্টা বদলা নিচ্ছেন। একজন টুইট করে মনে করিয়ে দিয়েছেন, ‘পোকেমনের বহুবচনও পোকেমনই হয়।’ আরেকজন পোকেমনের ভাষ্য দিয়ে পাল্টা খোঁচা দিয়ে লিখেছেন, ‘ইদানীং রিয়ানার কনসার্টে এত ফাঁকা জায়গা থাকে, দেখলেই ইচ্ছা করে হাঁটাহাঁটি করি।’
রিয়ানা কথাটা অবশ্য মন্দ বলেননি। এমনও সংবাদ মিলেছে, চলন্ত গাড়িতে এই গেম খেলতে গিয়ে বুঁদ হয়ে দুর্ঘটনাও ঘটাচ্ছেন চালকেরা। ইয়াহু।