প্যারিস নিয়ে 'ইগলস অব ডেথ মেটাল'

প্যারিসের সেই নৃশংস সন্ত্রাসী হামলার পর পেরিয়ে গেছে এক পক্ষকালেরও বেশি সময়। যদিও সে ক্ষত শুকায়নি এখনো, হয়তো কোনো দিন শুকাবেও না। সেদিন সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছিল প্যারিসের বাতাক্লঁ কনসার্ট হলে। সে সময় হাজারো ভক্তের সামনে মঞ্চে গাইছিল মার্কিন রক ব্যান্ড ‘ইগলস অব ডেথ মেটাল’। আনন্দময় সে সময়টা বিষাদে পরিণত হতে সময় নিয়েছিল এক মুহূর্ত। ৮৯ জন সেখানেই প্রাণ হারিয়েছিল, জিম্মি হয়েছিল শত শত মানুষ।
সে ঘটনার পর ‘ইগলস অব ডেথ মেটাল’-এর সদস্যরা সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ভাইস’ সাময়িকীর সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে ভীতিকর সে সময়টার স্মৃতিচারণ করেন অশ্রুসজল চোখে।
ব্যান্ড দলের গায়ক জ্যাসে হিউস ঘাতকের বন্দুকের মুখোমুখি সেই মুহূর্তগুলোর কথা মনে করে বারবার কান্নায় ভেঙে পড়েন। সঙ্গে এটাও জানান যে, তাঁরা আবারও প্যারিসে যেতে চান। সেই দুর্ঘটনার পর বাতাক্লঁতে হিউসই প্রথম শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করতে চান। তিনি বলেন, ‘আমার বন্ধুরা সেখানে আনন্দের জন্য গিয়ে পড়েছিল মৃত্যুমুখে। আমি সেখানে ফিরে পুনরুজ্জীবিত হতে চাই।'
প্যারিসের সেদিনের সন্ত্রাসী হামলার অভিজ্ঞতা প্রসঙ্গে হিউস জানিয়েছেন, মঞ্চে তাঁদের পরিবেশনার বড়জোর এক ঘণ্টা পেরিয়েছে, এমন সময়ে হুটোপুটি শুরু হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঝাঁক ঝাঁক গুলি ছুটে যায় বিভিন্ন দিকে। জীবিত ছিলেন যারা, কেউ দৌড়ে পালিয়ে বাঁচতে চেয়েছিলেন, কেউ মাটিতে শুয়ে পড়েন, কেউ পাশের ঘরগুলোতে গিয়ে লুকিয়ে ছিলেন, তবে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল না।
ব্যান্ড দলের মার্চেন্ডাইজার ম্যানেজার নিক আলেক্সান্ডারের মৃত্যু হলেও বাকি সদস্যরা সেদিন বেঁচে যান। এএফপি। এনডিটিভি। নিউইয়র্ক টাইমস।