প্যারিস হামলায় নিহত বন্ধুর প্রতি বিবারের শ্রদ্ধার্ঘ্য

প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের তালিকা বেশ দীর্ঘ। এই বর্বরোচিত হামলায় স্বজনহারা মানুষের সংখ্যা তারও কয়েকগুণ বেশি। এই শোকের ছায়া ও স্বজনদের আহাজারিতে যেন ছেয়ে আছে বিশ্বের আকাশ। প্যারিস হামলায় কানাডীয় পপসংগীত তারকা জাস্টিন বিবারও হারিয়েছেন তাঁর এক কাছের বন্ধুকে। সম্প্রতি খুদে ব্লগসাইট টুইটারে এক পোস্টে জাস্টিন বিবার তাঁর প্রয়াত বন্ধুটির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
টুইটারে বিবারের আবেগঘন লেখাটিতে বন্ধুটির প্রতি তাঁর বন্ধুত্বের উষ্ণতা খুব স্পষ্ট ফুটে উঠেছে। বিবারের বন্ধুটির নাম টমাস আয়াদ। টমাসকে তাঁর ‘দলের অনেক পুরোনো সদস্য’ হিসেবে উল্লেখ করে বিবার লেখেন, ‘আমার জন্য যা করেছ, তাঁর সবকিছুর জন্যই তোমাকে ধন্যবাদ, টমাস। আমরা তোমার গুণগ্রাহী, তোমাকে মনে থাকবে আমাদের।’
যে মানুষগুলো আমাদের সঙ্গে আছে, সময় থাকতে তাঁদের প্রতি সম্মান ও ধন্যবাদ জানানোর কথা উল্লেখ করে এই ‘সরি’ গায়ক লেখেন, ‘তাঁকে (টমাস আয়াদ) যদি আরও সময় ধরে ধন্যবাদ জানাতে পারতাম! যারা এখনো তোমাদের সঙ্গে আছে, তাঁদের ধন্যবাদ জানাতে ভুলো না।’
ইউনিভার্সাল মিউজিকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান মার্কারি রেকর্ডস। এ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক পণ্য-ব্যবস্থাপক ছিলেন টমাস আয়াদ। প্যারিসের বাতাক্লঁ মিলনায়তনে ‘ইগলস অব ডেথ মেটাল’-এর সংগীত পরিবেশনার সময় সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটেছিল। ধারণা করা হয়, সেই হামলায় নিহত হয়েছেন টমাস আয়াদ। প্যারিস হামলায় আয়াদ সহ ইউনিভার্সাল মিউজিকের তিন কর্মী নিহত হন।