প্যারিসে গাইবেন সামিনা

ফ্রান্সের প্যারিসে গান করতে যাচ্ছেন শিল্পী সামিনা চৌধুরী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ৩ মার্চ প্যারিসের ইউনেসকো ভবনে আয়োজিত অনুষ্ঠানে আরও গাইবেন শিল্পী ফকির সাহাবুদ্দিন।
২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষিত হওয়ার পর থেকে প্রতি বছর ইউনেসকোর সঙ্গে যৌথভাবে দিবসটি উদ্যাপন করে আসছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস। এরই অংশ হিসেবে এবার ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জানাতে ‘ভাষাতাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য’ অনুষ্ঠানটি হচ্ছে। বাংলাদেশ ছাড়াও অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছে ভারত, ইরান, গ্রিস, লিথুয়েনিয়া, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিরা।
সামিনা চৌধুরী বলেন, সবাইকে নিয়ে তিনি গাইবেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি। এ ছাড়া ‘বর্ণমালা ও আমার বর্ণমালা’, ‘একবার যদি কেউ ভালোবাসত’ ও ‘ও আমার দেশের মাটি’ গানগুলো গাইবেন তিনি। মুঠোফোনে সামিনা বলেন, ‘সরকারিভাবে প্যারিসে ভাষাশহীদদের স্মরণ করতে পারব বলে ভীষণ ভালো লাগছে।’
অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার সকালে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। দলে আছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, ফকির সাহাবুদ্দিন এবং নৃত্যশিল্পী র্যাচেল এগনেস প্যারিস। দলটিতে আরও রয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মফিদুর রহমান।