প্যারিসে নিহতদের শোকে ম্যাডোনার কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাডোনা
ম্যাডোনা

প্যারিসের নৃশংস সন্ত্রাসী হামলার পর থেকে সারা বিশ্বই যেন স্তব্ধ হয়ে আছে। শোকে মুহ্যমান দুনিয়া যেন ভুলে গেছে বিনোদনের কথাও। প্যারিসে ঘটা এই ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে মার্কিন পপসংগীত শিল্পী ম্যাডোনা তাঁর পূর্বনির্ধারিত কনসার্টটিই বাতিল করতে চেয়েছিলেন। যদিও তিনি শেষ পর্যন্ত তা করেননি, কিন্তু অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করেছেন তিনি। শ্রদ্ধা জানিয়েছেন প্যারিস হামলায় নিহতদের প্রতি। তাঁদের সম্মানে গান গাওয়ার সময় মঞ্চে কান্নায় ভেঙে পড়েন তিনি।
জনপ্রিয় এই গায়িকা শনিবার রাতে জানিয়েছেন, প্রথমে তিনি তাঁর এই অনুষ্ঠানটিই বাতিল করতে চেয়েছিলেন। তবে, শেষপর্যন্ত কিছু কথা ভেবে তা করেননি। তিনি বলেন, ‘আমি কেন তাদের (হামলাকারী) সে সুযোগ দেব? স্বাধীনতা উপভোগ করা থেকে আমাকে, আমাদের বিরত রাখার সুযোগ কেন দেব?’
কনসার্টটি চালিয়ে যাওয়া তাঁর জন্য খুবই কষ্টের উল্লেখ করে ম্যাডোনা প্রশ্ন রাখেন, ‘যখন মানুষ তাঁদের প্রিয়জনদের শোকে কাতর, আমি কেন এখানে নেচেগেয়ে সবার সঙ্গে আনন্দ করছি?’ উত্তরটা অবশ্য তিনি নিজেই দিয়েছেন।
‘পপ কুইন’ ম্যাডোনা বলেন, ‘এই মানুষগুলো আমাদের থামিয়ে দিতে চায়। আমাদের স্তব্ধ করে রাখতে চায়। তবে আমরা তা হতে দেব না।’
এই পপসংগীত তারকা আরও বলেন, ‘শুধু প্যারিস না, গোটা দুনিয়ায় যতই সহিংসতা থাকুক, ভালোর পাল্লাই এখনো বেশি ভারী। আমরা এখানে সেটাই প্রমাণ করতে এসেছি।’
নিহতদের সম্মানে সবাইকে অনুষ্ঠানে কিছুক্ষণ নীরবতা বজায় রাখতে অনুরোধ করেন ম্যাডোনা। অনুষ্ঠানে ম্যাডোনা যখন তাঁর ‘লাইক এ প্রেয়ার’ গানটি (অ্যাকুস্টিক সংস্করণ) শুরু করেন সেসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
এই শো সম্পর্কে পরে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, এ যেন আঁধার থেকে আলোর দিকে যাত্রা।