প্রকাশ পেল তিনটি রক অ্যালবাম

তিনটি রক অ্যালবাম বাজারে এল। আজব রেকর্ডসের ব্যানারে প্রকাশিত হয়েছে অ্যালবামগুলো।
গত বুধবার বিকেলে রাজধানীর ইএমকে সেন্টারে অ্যালবাম তিনটির মোড়ক উন্মোচন করা হয়।
প্রথম অ্যালবামের নাম ‘রকহোলিক থ্রি’। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের তত্ত্বাবধানে ও নাবিদ সালেহীনের সমন্বয়ে এই অ্যালবামে মোট ১২টি ব্যান্ড দলের গান রয়েছে। এর মধ্যে আছে কলকাতার তিনটি ব্যান্ডও।
দ্বিতীয় অ্যালবামটি গিটারিস্ট সাজ্জাদ আরেফিনের ‘অপারেশন অ্যাংরি মেশিন’। গিটার ইনস্ট্রুমেন্টাল এই অ্যালবামে আটটি ট্র্যাক আছে।
আর তৃতীয় অ্যালবামটি গানের দল একলিপ্স-এর প্রথম অ্যালবাম। নাম ‘পৃথিবীর প্রহর’। ২০০৭ সালে ডি রকস্টার-এ তৃতীয় স্থান অর্জন করেছিল একলিপ্স।
অ্যালবামগুলো নিয়ে আজব রেকর্ডসের স্বত্বাধিকারী সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘এ দেশের তরুণ-তরুণীরা রক গানের বড় শ্রোতা। তাঁদের জন্যই এই অ্যালবামগুলো। আশা করছি তাঁদের ভালো লাগবে। আমরা নিয়মিত রক গানের অ্যালবাম প্রকাশ করতে চাই।’